Article By – সুনন্দা সেন

ভারতের অর্থনীতির গতি নিয়ে আশাব্যঞ্জক ছবি সামনে আসছে। ২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল-জুন ত্রৈমাসিকে ভারতের GDP বৃদ্ধির হার প্রায় ৭.৩% হতে পারে, যদিও এই সময়ে পশ্চিম এশিয়ার বা West Asian সংঘাত, জ্বালানির দাম বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন অর্থনীতির উপর চাপ তৈরি করেছিল। এপ্রিল-জুন ত্রৈমাসিকের GDP (Gross Domestic Product)-র সরকারি পরিসংখ্যান ৩১ আগস্ট প্রকাশ করার কথা। এর আগে বিভিন্ন অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের পূর্বাভাসে এই বৃদ্ধির হার ৭%- এর উপরে থাকার সম্ভাবনা উঠে এসেছে।
তবে পূর্ববর্তী জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকের ৭.৮% বৃদ্ধির তুলনায় গতি কিছুটা কমতে পারে। পশ্চিম এশিয়ার সংকটের ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও পরিবহণ খরচ বেড়েছে। ভারতের মতো তেল-আমদানিনির্ভর অর্থনীতিতে এর প্রভাব মূল্যস্ফীতি এবং উৎপাদন খরচের উপর পড়ার আশঙ্কা ছিল। পাশাপাশি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং দুর্বল বর্ষার প্রভাবও অর্থনৈতিক কর্মকাণ্ডে চাপ তৈরি করেছে। ICRA-ও জুন ত্রৈমাসিকে GDP বৃদ্ধির হার প্রায় ৭%-এ নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল।
তবে অন্যদিকে দেশীয় চাহিদা, সরকারি মূলধনী ব্যয় এবং ভোগব্যয় অর্থনীতিকে অনেকটাই ধরে রেখেছে। এই কারণেই পশ্চিম এশিয়ার সংকটের ধাক্কা সত্ত্বেও ভারতের প্রবৃদ্ধি ৭%- এর কাছাকাছি বা তার ওপরে থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে ২০২৫-২৬ অর্থবছরে ভারতের প্রকৃত GDP বৃদ্ধির হার ছিল ৭.৭%, যেখানে জানুয়ারি-মার্চ ত্রৈমাসিক বা গত অর্থবছরে এই বৃদ্ধি ছিল ৭.৮%। ফলে জুন ত্রৈমাসিকের পরিসংখ্যান ভারতের অর্থনীতি কতটা বহিরাগত ধাক্কা সামলাতে পারছে, তার গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেবে।




