Article By – সুনন্দা সেন

একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতের একটি শক্তিশালী এবং সু-বিকশিত রাবার শিল্প রয়েছে। টায়ার এবং নন-টায়ার উভয় ক্ষেত্রেই বৈচিত্র্যময় প্রয়োগের কারণে প্রাকৃতিক বা ন্যাচারাল রাবার (NR) উৎপাদনের ভিত্তি শক্ত। প্রতিবেদন অনুসারে, ভারতের ন্যাচারাল রাবার উৎপাদন ২০২১-২২ অর্থবছরের ৭.৮৯ লক্ষ টন থেকে ৮.৬% বৃদ্ধি পেয়ে ২০২৪ অর্থবছরে ৮.৫৭ লক্ষ টন হয়েছে। অনুমান করা হচ্ছে যে এটি ২০২৫ অর্থবছরে বা চলতি বছরে ৮.৮২ লক্ষ টনে পৌঁছাবে। ইনফোমেরিক্স ভ্যালুয়েশন অ্যান্ড রেটিংস তাদের রিপোর্টে জানিয়েছে যে, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ভারত ৭৮,০০০ টন ন্যাচারাল রাবার উৎপাদন করেছে। যেখানে এক বছর আগের একই মাসে ৭৫,০০০ টন ন্যাচারাল রাবার উৎপাদন হয়েছিল।
কোচিতে অনুষ্ঠিত রাবারকন ২০২৪-এ ইন্ডিয়ান রাবার ইনস্টিটিউটের চেয়ারম্যান আর. মুখোপাধ্যায় বলেন, “বিশ্বব্যাপী চ্যালেঞ্জ সত্ত্বেও, ভারত ২০৩০ সালের মধ্যে রাবার পণ্যের শীর্ষস্থানীয় সরবরাহকারী হয়ে ওঠার জন্য নিজের স্থান তৈরি করছে। বর্তমানে মাথাপিছু ব্যবহার ১.৩ কেজি থেকে ২.৫ কেজিতে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। দেশের মোট রাবার ব্যবহার ২০৩০ সালের মধ্যে ১.৮ মিলিয়ন টন থেকে দ্বিগুণ হয়ে ৩.৬ মিলিয়ন টনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।” বর্তমানে, ভারতের বার্ষিক রাবারের ব্যবহার প্রায় ১৪.১৬ লক্ষ টন এবং ২০২৪-২৫ অর্থবছরের শেষ নাগাদ ৫% বৃদ্ধি পেয়ে প্রায় ১৪.৮৬ লক্ষ টনে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ২০৩১ সালের মধ্যে বিশ্বব্যাপী রাবারের ব্যবহার ৩৫.৫৫ মিলিয়ন টনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এদিকে CEAT(Cavi Elettrici e Affini Torino)-এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা অর্ণব ব্যানার্জি উল্লেখ করেছেন যে চলতি অর্থবছরের প্রথমার্ধে দেশীয় ন্যাচারাল রাবারের দাম ১৫ বছরের সর্বোচ্চ, প্রায় ২৫০ টাকা প্রতি কেজিতে পৌঁছেছে। এই বর্ধিত দামের উল্লেখযোগ্য প্রভাবের পর, টায়ার নির্মাতারা অর্থবছরের দ্বিতীয়ার্ধে উচ্চ কাঁচামালের দাম থেকে কিছুটা স্বস্তি পাওয়ার আশা করছেন। তিনি নিজের মন্তব্যে আরও উল্লেখ করেছেন যে সাধারণত, দেশীয় এবং আন্তর্জাতিক ন্যাচারাল রাবারের দাম সমাতোরালে চলে, প্রতি কেজিতে মাত্র ৫ থেকে ১০ টাকা পার্থক্য থাকে। তবে, এবার, দেশীয় এবং আন্তর্জাতিক দামের মধ্যে ব্যবধান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, পার্থক্য প্রতি কেজিতে ৫০ টাকা পর্যন্ত পৌঁছেছে।




