শুক্রবার মাইক্রোসফ্টের (Microsoft) সার্ভারে ত্রুটির প্রভাব পড়েছে সারা বিশ্বে। সবচেয়ে বড় প্রভাব পড়েছে বিমানবন্দর এবং ব্যাঙ্কগুলিতে। বিশ্বের অনেক ব্যাঙ্ক গ্রাহকদের দীর্ঘ লাইন পড়ে যায় এই সার্ভার সমস্যার জন্য। সার্ভার ডাউন থাকায় বিমানবন্দর থেকে বিমান ওঠানামা করাও যাচ্ছে না। পরিস্থিতি এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে, ইন্ডিগো, আকাশা এয়ারলাইন্স এবং স্পাইসজেট সহ অনেক এয়ারলাইন্স তাদের ফ্লাইট পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়।
সার্ভারের ত্রুটির কারণে অনেক যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক যাত্রী লেখেন, “দুবাই বিমানবন্দরে এক ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছি। চেক ইন সার্ভার ডাউন। @DubaiAirports কোনও আপডেট?” আর এই সবই হয়েছে মাইক্রোসফ্টের (Microsoft) সার্ভারে ত্রুটির কারণে।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে, সার্ভারের ত্রুটির কারণে সারা বিশ্বের অনেক এয়ারলাইন্স এবং বিমানবন্দরগুলিতে কিছুক্ষণের জন্য হলেও অনলাইন এবং বিমানবন্দরের কার্যক্রমকে প্রভাবিত করেছে। সংস্থাটি আরও জানিয়েছে, যারা বিমানবন্দরে আসছেন তারা যেন হাতে বেশি সময় নিয়ে বাড়ি থেকে বের হন।
আকাশা এয়ারলাইনস ঘোষণা জানায়, তাদের কিছু অনলাইন পরিষেবা মুম্বাই এবং দিল্লি বিমানবন্দরে সাময়িকভাবে বন্ধ করা হবে। আকাশা এয়ারলাইন্স একটি বিবৃতিতে বলেছে, “আমাদের পরিষেবা প্রদানকারীর সঙ্গে কিছু পরিকাঠামোগত সমস্যার কারণে, বুকিং, চেক-ইন এবং বুকিং ব্যবস্থাপনা পরিষেবা সহ আমাদের কিছু অনলাইন পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে ম্যানুয়াল চেক-ইন এবং বোর্ডিং প্রক্রিয়া অবশ্য বন্ধ হয়নি“। একই সঙ্গে ব্যাঙ্কিং পরিষেবাতেও সমস্যা দেখা দিচ্ছে। বিভিন্ন ব্যাঙ্কের পরিষেবা বিশেষ ভাবে প্রভাবিত হয়েছে।
Article By – আস্তিক ঘোষ






