Article By – সুনন্দা সেন

সদ্য প্রকাশিত সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে, ভারতের সংগঠিত উৎপাদন খাতে কন্ট্রাক্ট বা চুক্তিবদ্ধ কর্মীদের অংশ প্রায় তিন দশকের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। ২০২৩-২৪ সালে এই অংশ ৪২% বাড়ে বলে জানা যায়। যা ১৯৯৯-২০০০ সালে দেখা ২০%-এর দ্বিগুণেরও বেশি। প্রতিবেদনে আরফ বলা হয়েছে যে গত দশকে চুক্তিভিত্তিক শ্রমিকের অংশ প্রায় ৮% বৃদ্ধি পেয়েছে। অবশ্য দীর্ঘ সময়ের মধ্যে কয়েকবার হ্রাসও পেয়েছে, সর্বশেষ ২০১৩-১৪ সালে হ্রাস পেয়েছিল। তাছাড়া প্রতিবছর চুক্তিভিত্তিকরণ (Contractualisation) বৃদ্ধি পেয়েছে।
চুক্তিভিত্তিক কর্মীরা সাধারণত কম মজুরি পান, পেনশন এবং বীমার মতো সামাজিক নিরাপত্তা সুবিধাও কম পান। সংবাদ মাধ্যমগুলির মতে, অর্থনীতিবিদরা কেন্দ্রীয় এবং রাজ্য উভয় স্তরেই শ্রম আইন ধীরে ধীরে শিথিল করার ফলে চুক্তিভিত্তিক চাকরির সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক অমিত বাসোল বলেন, শ্রমবাজারে শিথিলতা নিশ্চিত করে যে কোম্পানিগুলি সর্বদা চুক্তিভিত্তিক ভূমিকা গ্রহণের জন্য ইচ্ছুক কর্মী খুঁজে পায়। পাশাপশি প্রতিবেদনে প্রকৃত মজুরি এবং চুক্তিবদ্ধকরণের বৃদ্ধি সম্পর্কে বিশেষজ্ঞদের উদ্বেগের কথাও উল্লেখ করা হয়েছে। যদিও সংস্থাগুলি কম খরচে লাভবান হতে পারে, TISS-এর বিনো পল সতর্ক করে বলেছেন যে এটি ক্রয় ক্ষমতা দুর্বল করে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ভারতীয় উৎপাদকের সস্তা শ্রমের উপর নির্ভর বেড়ে যেতে পারে।
জুলাই মাসে অনুমোদিত ELI নীতিমালায় প্রথমবারের মতো কর্মরত কর্মীদের এক মাসের মজুরি ১৫,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়েছে এবং উৎপাদন খাতে চার বছর পর্যন্ত নিয়োগকর্তারা প্রণোদনা বা ইনসেনটিভ পেতে পারেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। বিশ্বব্যাপী তুলনামূলকভাবে দেখা যায় যে অন্যান্য দেশের তুলনায় ভারতের চুক্তিভিত্তিক শ্রমিকের অংশ অনেক বেশি। সদ্য প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ২০২৩ সালের এক গবেষণায় বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এই সংখ্যা ১০.৮%, ইউরোপে ১২.৩% এবং ল্যাটিন আমেরিকায় ১০% থেকে ২০%- এর মধ্যে ছিল।




