Article By – সুনন্দা সেন

ক্রিসিল ইন্টেলিজেন্স তাদের সেপ্টেম্বরের প্রতিবেদনে বলেছে, ভারতীয় পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক দ্বারা আরোপিত উচ্চ শুল্ক দেশের প্রবৃদ্ধির জন্য একটি বড় ঝুঁকি বহন করতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রসাশন আরোপিত আগের ৫০% শুল্ক এবং বর্তমানের ১০০% ওষুধের পেটেন্টের উপর আরোপিত শুল্ক সহ একাধিক শুল্ক ভারতীয় পণ্য রপ্তানি এবং বিনিয়োগ উভয়ের উপরই প্রভাব ফেলবে। তবে সহনশীল মুদ্রাস্ফীতি এবং দেশীয় খরচ প্রবৃদ্ধিকে অন্যদিক থেকে আবার সমর্থন করবে বলে আশা করা হচ্ছে।
এদিকে আরও বলা হয়েছে যে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশের GDP পাঁচ প্রান্তিকের সর্বোচ্চ ৭.৮%-এ পৌঁছেছে। যা আগের বছরের একই প্রান্তিকে ৭.৪% ছিল। তবে ক্রিসিল ইন্টেলিজেন্স তাদের সদ্য প্রকাশিত রিপোর্টে আরও জানায় যে একই সময়ের মধ্যে নামমাত্র বা নমিনাল GDP প্রবৃদ্ধি ১০.৮% থেকে কমে ৮.৮% হয়েছে। এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরে ভোক্তা মূল্য সূচক বা CPI মূল্যস্ফীতি আগের বছরের ৪.৬% থেকে কমে ৩.৫% হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে বিশেষজ্ঞরা আশা করছেন যে স্বাস্থ্যকর কৃষি প্রবৃদ্ধি বা হেলথি এগ্রিকালচার গ্রোথ খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখবে। যদিও অতিরিক্ত বৃষ্টিপাতের প্রভাব এখনও সম্পূর্ণরূপে মূল্যায়ন করা হয়নি। এছাড়া প্রতিবেদনে আরও বলা হয়েছে, অপরিশোধিত তেলের দাম কমলে এবং বৈশ্বিক পণ্যের দাম সহনশীল হলে খাদ্য-বহির্ভূত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করা হচ্ছে। আবার মুদ্রানীতি সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে যে, ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) এই অর্থবছরে আরও একটি সুদের হার কমানোর সম্ভাবনা রয়েছে, যার পরে কিছু সময় বিরতি দেওয়া হবে।




