Article By – আস্তিক ঘোষ

ছয় বছর ধরে অ্যালকোহল স্পর্শ করেননি বিজয় মালিয়ার পুত্র সিদ্ধার্থ মালিয়া। পলাতক মদ ব্যবসায়ী বিজয় মালিয়ার ছেলে তিনি। অ্যালকোহল ছাড়ার ছয় বছর পূর্ণ হওয়ায় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন সিদ্ধার্থ। সেই পোস্টে তিনি জানান, কীভাবে গত ছয় বছর ধরে অ্যালকোহল স্পর্শ করেননি তিনি। তাঁর এই পোস্ট বেশ ভাইরাল হয়েছে। মদ্যপান থেকে মানুষকে বিরত রাখতে অনুপ্রাণিত করছে সিদ্ধার্থ মালিয়ার এই পোস্ট।
সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্টে সিদ্ধার্থ লিখেছেন, “আজ মদ না খাওয়ার 6 বছর পূর্ণ হল। যাদের এটি প্রয়োজন তাদের জন্য একটি ছোট্ট টিপস…আপনার জন্য সবচেয়ে ভাল কী, তা শুধুমাত্র আপনি নিজেই জানেন। আপনি নিজের কাছে দায়বদ্ধ। নিজের জীবনে যদি পরিবর্তন চান, তবে তা আনার ক্ষমতা একমাত্র আপনারই আছে।” এই পোস্টের সঙ্গে নিজের একটি ছবিও শেয়ার করেছেন সিদ্ধার্থ মালিয়া।
2020 সালে সিদ্ধার্থ মালিয়া ফেসবুকে একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন। সেই ভিডিয়োতে তিনি মদ ছেড়ে দেওয়ার পক্ষে নিজের সিদ্ধান্তের কথা জানান। তাঁর এই ভিডিয়ো দেখে অনেকের মনে প্রশ্ন জেগেছিল, মদ ব্যবসার সঙ্গে যুক্ত একটি পরিবারের সন্তান হঠাৎ কেন মদ ছেড়ে দেওয়ার কথা বলছেন? মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য এই অভ্যাস ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন সিদ্ধার্থ।
সোশ্যাল মিডিয়ায় সিদ্ধার্থের এই পোস্ট আসতেই তা ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। ইতিমধ্যেই প্রচুর লাইক পেয়েছে এই পোস্টটি। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী কমেন্ট সেকশনে লিখেছেন, ‘স্যার, আপনি সত্যিই অনেক মানুষকে অনুপ্রাণিত করছেন।’ আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘শুভ ষষ্ঠ বার্ষিকী।’ অন্য একজন ব্যবহারকারী আবার লিখেছেন, ‘আশ্চর্যজনক, জীবনে একই পরিবর্তন খুঁজছি।’
সবচেয়ে বড় ব্যাপার হল, তাঁর স্ত্রী জেসমিন সান্তিয়াগো লাইক করেছেন সিদ্ধার্থ মালিয়ার করা এই পোস্টে। উল্লেখ্য, চলতি বছর একেবারে পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করে বিয়ে করেন এই জুটি। যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ারে বিজয় মালিয়ার ম্যানশনে বসে বিবাহ বাসর। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালিয়া পরিবার ও তাঁদের বন্ধু বান্ধবরা।





