Article By – সুনন্দা সেন

ভারতের কর্পোরেট ক্ষেত্র বা India Inc আগামী বছর বড়সড় কর্মসংস্থান বৃদ্ধির পথে হাঁটতে চলেছে বলে অনুমান করা হচ্ছে। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সমীক্ষা ও বাজার বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালে ভারতের কর্পোরেট সংস্থাগুলি মিলিয়ে সর্বোচ্চ আনুমানিক ১ কোটি ২০ লক্ষ নতুন চাকরি সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞরা আবার মনে করছেন যে অর্থনীতিতে চাহিদা বৃদ্ধি, বিনিয়োগের গতি এবং নতুন প্রকল্প শুরুর ফলেই নিয়োগের এই ইতিবাচক প্রবণতা তৈরি হয়েছে। অর্থনীতিবিদদের একাংশের মতে, ২০২৬ সালের চাকরির এই সম্ভাব্য বৃদ্ধি দেশের ভোগব্যয় ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করবে।
সদ্য প্রকাশিত আনুমানিক তথ্য অনুসারে, তথ্য প্রযুক্তি, ম্যানুফ্যাকচারিং, অবকাঠামো, রিটেল, লজিস্টিক এবং আর্থিক পরিষেবা অর্থাৎ উল্লেখিত খাতগুলিতে নিয়োগ বৃদ্ধির সম্ভাবনা সবচেয়ে বেশি। বিশেষ করে ডিজিটাল রূপান্তর (Digital Transformation) কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI, ডেটা অ্যানালিটিক্স এবং সেমিকন্ডাক্টর সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ কর্মীর চাহিদা দ্রুত বাড়ছে। তার সাথে পরিকাঠামো ও নির্মাণ খাতে সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাড়ার কারণেও কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। আর নিয়োগের গতি যদি একই ভাবে বজায় থাকে তাহলে ২০২৬ সালে ভারতের শ্রমবাজারের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হয়ে উঠবে।
নতুন চাকরির সুযোগ দেশের অর্থনীতিতে আস্থা ফেরানোর পাশাপাশি তরুণ প্রজন্মের ভবিষ্যৎ সম্ভাবনাকেও আরও উজ্জ্বল করবে। কর্পোরেট সংস্থাগুলির মতে, দেশের অভ্যন্তরীণ চাহিদা শক্তিশালী থাকায় উৎপাদন ও পরিষেবা খাতে সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর পাশাপাশি ‘মেক ইন ইন্ডিয়া’, উৎপাদন-সংযুক্ত প্রণোদনা বা PLI প্রকল্প এবং স্টার্টআপ ইকোসিস্টেমের বিস্তার নিয়োগ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। মাঝারি ও ছোট সংস্থাগুলিও ধীরে ধীরে নতুন কর্মী নিয়োগের দিকে ঝুঁকছে। আবার আরও একদল অর্থনীতিবিদরা বলছেন, দক্ষতার অভাব, প্রযুক্তিগত প্রশিক্ষণের প্রয়োজন এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা—এই চ্যালেঞ্জগুলিও সমান্তরালভাবে মোকাবিলা করতে হবে।




