Article By – সুনন্দা সেন

ভারত আসন্ন BRICS সাবমিট ২০২৬-এ সদস্য দেশগুলির মধ্যে CBDC (Central Bank Digital Currency) ব্যবহারের পাশাপাশি দ্রুত ও নির্বিঘ্ন ক্রস বর্ডার ডিজিটাল পেমেন্টস চালুর প্রস্তাব দিতে পারে। আগামী ১২–১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে BRICS শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। ভারতের লক্ষ্য হল BRICS (Brazil, Russia, India, China, and South Africa) দেশগুলির মধ্যে আন্তর্জাতিক লেনদেনকে আরও দ্রুত, সস্তা এবং কার্যকর করা। এর জন্য সদস্য দেশগুলির CBDC বা কেন্দ্রীয় ব্যাংক-সমর্থিত ডিজিটাল মুদ্রাগুলিকে কীভাবে পরস্পরের সঙ্গে যুক্ত করা যায়, তা নিয়ে আলোচনা হতে পারে। একইসঙ্গে ফাস্ট পেমেন্ট সিস্টেমগুলির মধ্যে সংযোগ তৈরির বিষয়টিও আলোচনায় রয়েছে।
CBDC হল কোনও দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের ইস্যু করা ডিজিটাল মুদ্রা। ভারতের ক্ষেত্রে এর উদাহরণ ডিজিটাল রুপি বা e₹। বর্তমানে বিভিন্ন দেশ CBDC নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। ভারতও ডিজিটাল রুপির ব্যবহার নিয়ে পাইলট প্রকল্প চালাচ্ছে। যদি BRICS দেশগুলির ডিজিটাল মুদ্রা ও পেমেন্ট সিস্টেম পরস্পরের সঙ্গে আন্তঃকার্যকরী (interoperable) করা যায়, তাহলে একটি দেশের ব্যবসায়ী অন্য BRICS দেশের ব্যবসায়ীর সঙ্গে আন্তর্জাতিক লেনদেন আরও সরাসরি করতে পারবেন। এতে লেনদেনের সময় ও খরচ কমানোর সম্ভাবনা রয়েছে। ভারতের এই উদ্যোগের সঙ্গে নিজস্ব মুদ্রায় BRICS-এর মধ্যে বাণিজ্য বাড়ানোর পরিকল্পনাও যুক্ত। তবে ভারত স্পষ্টভাবে জানিয়েছে, এই উদ্যোগ কোনও নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়।
তবে CBDC সংযোগ করা সহজ নয়। প্রতিটি দেশের ডিজিটাল মুদ্রার প্রযুক্তি, নিয়ম, নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়ন্ত্রণ কাঠামো আলাদা। ফলে ইন্টেরোপেরাবিলিটি, অর্থাৎ বিভিন্ন দেশের CBDC ও পেমেন্ট সিস্টেমকে একসঙ্গে কাজ করানোর প্রযুক্তিগত ব্যবস্থা তৈরি করাই অন্যতম বড় চ্যালেঞ্জ। আগস্টে RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছিলেন, BRICS দেশগুলি ফাস্ট পেমেন্ট সিস্টেম এবং CBDC-র সম্ভাব্য লিংকপেজ নিয়ে আলোচনা করছে। তাঁর মতে, ক্রস বর্ডার পেমেন্টের খরচ কমানোর যথেষ্ট সুযোগ রয়েছে। এর পাশাপাশি সেপ্টেম্বরের BRICS বৈঠকে সদস্য দেশগুলির মধ্যে আরও ব্যালেন্স ট্রেড, ন্যাশনাল কারেন্সিতে বাণিজ্য এবং ট্রানজেকশন কোস্ট কমানোর বিষয়েও আলোচনা হতে পারে।




