Article By – সুনন্দা সেন

বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা বা FPIs শুক্রবার বা ২৯ আগস্ট,২০২৬ ভারতীয় শেয়ারবাজারে বড়সড় বিক্রির পথে হাঁটলো। একদিনেই তারা প্রায় ৫,০৪০ কোটি টাকার ভারতীয় ইক্যুইটি বিক্রি করেছে, যা ৮ জুন, ২০২৬-এর পর একদিনে তাদের সর্বোচ্চ বিক্রি। আর এই বিপুল বিক্রির ফলে আগস্ট মাসে FPIs-এর যে সামান্য নিট বিনিয়োগ ছিল, তার বড় অংশই মুছে যায়। ২৮ আগস্ট পর্যন্ত আগস্টে FPIs-এর নিট কেনাকাটা কমে দাঁড়িয়েছে প্রায় ৪৫৪ কোটি টাকা।
উল্লেখযোগ্য বিষয় হল, জুলাই পর্যন্ত টানা প্রতিটি মাসেই বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় ইক্যুইটি বাজারে নিট বিক্রেতা ছিল এবং ওই সময়ে মোট প্রায় ৩.৫ লক্ষ কোটি বাজার থেকে তুলে নিয়েছিল। তবে বিদেশি বিনিয়োগকারীদের এই চাপ সামলাতে এগিয়ে এসেছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল বিনিয়োগকারী (Domestic Institutional Investors) বা DIIs। শুক্রবার DIIs প্রায় ৫,১৮৪ কোটি টাকার শেয়ার কিনেছে। আগস্টে এখনও পর্যন্ত তাদের মোট কেনাকাটা পৌঁছেছে প্রায় ৫৩,৬৭৯ কোটি টাকাতে। ফলে বিদেশি বিনিয়োগকারীদের বড়সড় বিক্রির মধ্যেও বাজারে ধস নামেনি।
শুক্রবারের FPI বিক্রির বড় অংশের পেছনে দুটি বড় ব্লক ডিল গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সিঙ্গাপুর সরকার আথার এনার্জি (Ather Energy)-তে তাদের ৩.০১% বা প্রায় ১.১৯ কোটি শেয়ার ১,৭৫৮ কোটি টাকাতে বিক্রি করেছে। এই শেয়ার কিনেছে হিরো মোটর কর্পোরেশন (Hero MotoCorp)। অন্যদিকে আলফা ওয়েভ ভেঞ্চারস লেন্সকার্ট সলিউশনস (Alpha Wave Ventures Lenskart Solutions)-এর প্রায় ১.৭% অংশীদারি বিক্রি করে ১,৮৫৭ কোটি টাকা সংগ্রহ করেছে। এই দুই লেনদেনের মোট মূল্য প্রায় ৩,৬১৫ কোটি টাকা।
শুক্রবার বা গতকালের ৫,০৪০ কোটি টাকার FPI বিক্রির একটি বড় অংশ এসেছে নির্দিষ্ট কয়েকটি বড় ব্লক ডিল থেকে। একই সময়ে দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শক্তিশালী কেনাকাটা বাজারকে কিছুটা সাপোর্ট দিয়েছে। বাজারের জন্য এখন মূল নজর থাকবে, এই বিদেশি বিক্রির প্রবণতা আগামী কয়েকটি সেশনে অব্যাহত থাকে কি না এবং DIIs একইভাবে শক্তিশালী কেনাকাটা চালিয়ে যেতে পারে কি না।




