Article By – আস্তিক ঘোষ

উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা এড়াতে লাইভ মনিটরিং সিস্টেম চালু করল ভারতীয় রেল। চলন্ত ট্রেনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়বে এই আধুনিক ব্যবস্থার মাধ্যমে। এই আধুনিক মনিটরিং ব্যবস্থা রেলওয়ে যাত্রী ও মালবাহী ট্রেন উভয়ের জন্য চালু করেছে ভারতীয় রেল। ট্রেন চলাচলের সময় কোনো ত্রুটি ধরা পড়লে রেল কর্মীরা দ্রুত ট্রেন থামাতে পারবেন। সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে পারেন। এতে দুর্ঘটনা অনেক কমে যাবে।
প্রশ্ন উঠেছে, এই আধুনিক মনিটরিং ব্যবস্থায় রেলে ভ্রমণ কি আদৌ নিরাপদ হবে? রেলওয়ের পক্ষ থেকে ট্রেনের যন্ত্রাংশ পর্যবেক্ষণের জন্য হেলমেট ক্যামেরা চালু করা হয়েছে। অর্থাৎ এই হেলমেট ক্যামেরা রিড করে ট্রেনের বিভিন্ন অংশের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবেন রেলকর্মীরা। এমনকি হেলমেটে থাকা সেই ক্যামেরা সব রেকর্ড করবে। পরে প্রয়োজনে তা পর্যবেক্ষণ করতে পারেন রেলের কর্মকর্তারা। ইস্টার্ন রেলওয়ের পশ্চিমবঙ্গের মালদহ সেকশনের রোলিং ইন-এন্ড-আউট পরীক্ষামূলক ট্রেনগুলির তদারকি করার জন্য চালু করা হয়েছে একটি হেলমেট ক্যামেরা মনিটরিং সিস্টেম।
এই উন্নত সিস্টেম রিয়েল-টাইম মনিটরিং প্রদান করবে। চলন্ত ট্রেনের যন্ত্রাংশে যে কোনও ত্রুটি থাকলে সেটা দ্রুত শনাক্ত করা যাবে। স্টেশনগুলি অতিক্রম করার সময় ট্রেনগুলি সাধারণত ধীর হয়ে যায়। যখন ট্রেনটি ধীর গতিতে একটি স্টেশন অতিক্রম করবে, তখন এই হেলমেট ক্যামেরাটি ট্রেনের যন্ত্রাংশগুলির রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করা হবে। ট্রেনের চাকা, বিয়ারিং এবং অন্যান্য অংশ পর্যবেক্ষণ করতে এই হেলমেট ক্যামেরাগুলো পরবে রেলওয়ের কর্মীরা।
রিপোর্ট অনুযায়ী, এই হেলমেটটি আন্ডার-গিয়ার পরীক্ষার জন্য ব্যবহার করা হবে। মালদহ ডিভিশনের ডিআরএম মনীশ কুমার গুপ্তা এই প্রসঙ্গে জানিয়েছেন, ট্রেনের যন্ত্রাংশগুলি পর্যবেক্ষণ করতে হেলমেট ক্যামেরার সাহায্যে নজরদারি করা হবে। এই ক্যামেরা দিয়ে মনিটরিং করার অনেক সুবিধা রয়েছে। ইতিমধ্যেই মালদা বিভাগে চালু হয়েছে এই ব্যবস্থা। মালদহ বিভাগ সূত্রে খবর, মালদহ ও জামালপুর স্টেশনে মোট আটটি হেলমেট ক্যামেরা দেওয়া হয়েছে। ভাগলপুর, সাহেবগঞ্জ এবং মালদহ ডিভিশনের অন্যান্য স্টেশনগুলিতে এই সিস্টেমটি প্রসারিত করার পরিকল্পনা চলছে।




