Article By – সুনন্দা সেন

১১ জুলাই ভারতীয় রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে যে ৪ জুলাই, ২০২৫- এ শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ (India’s Forex Reserves) ৩.০৪ বিলিয়ন ডলার কমে ৬৯৯.৭৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ২৭ জুন পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছিল ৭০২.৭৮ বিলিয়ন ডলারে। যা তার আগের সপ্তাহের তুলনায় ৪.৮ বিলিয়ন ডলার বেশি। অনেকে মনে করছিলেন যে ২০২৪ সালের সেপ্টেম্বরে শেষের দিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভের সর্বকালের সর্বোচ্চ ৭০৪.৮৮ বিলিয়ন ডলারের স্তর খুব শীঘ্রই অতিক্রম হবে বা ছুঁয়ে ফেলবে।
১১ জুলাই প্রকাশিত তথ্য অনুসারে, ৪জুলাই শেষ হওয়া সপ্তাহে রিজার্ভের একটি প্রধান উপাদান বৈদেশিক মুদ্রার রিজার্ভ (Foreign Currency Assets) ৩.৫৩ বিলিয়ন ডলার কমে ৫৯১.২৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ডলারের পরিপ্রেক্ষিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের মধ্যে বৈদেশিক মুদ্রার সম্পদে থাকা ইউরো, পাউন্ড এবং ইয়েনের মতো অ-মার্কিন মুদ্রার অবমূল্যায়নের প্রভাবও পতনের অন্তর্ভুক্ত রয়েছে। তবে গোল্ড রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। ৮৪.৫ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৩৪২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যেখানে স্পেশাল ড্রইং রাইটস বা SDR ১৫৮ মিলিয়ন ডলার বেড়ে ৮৪.৮৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
RBI-এর তথ্য অনুসারে, প্রতিবেদন সপ্তাহে IMF-এর কাছে ভারতের রিজার্ভ পজিশনও ১০৭ মিলিয়ন ডলার কমে ৪.৭৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সাধারণত রিজার্ভ ব্যাংক সময়ে সময়ে টাকার তীব্র অবমূল্যায়ন রোধ করার লক্ষ্যে ডলার বিক্রি সহ তরলতা ব্যবস্থাপনার মাধ্যমে বাজারে হস্তক্ষেপ করে থাকে। এছাড়া RBI বৈদেশিক মুদ্রা বাজারের উপর কড়া নজর রাখে। আর কোনও পূর্ব-নির্ধারিত লক্ষ্য স্তর বা ব্যান্ডের উল্লেখ ছাড়াই বিনিময় হারে অস্থিরতা নিয়ন্ত্রণ করে এবং কেবল সুশৃঙ্খল বাজার পরিস্থিতি বজায় রাখার জন্য হস্তক্ষেপ করে।




