Article By – সুনন্দা সেন

আজ অর্থাৎ ১৪ জানুয়ারি,২০২৪ (মঙ্গলবার) প্রকাশিত সরকারি তথ্য অনুসারে, উৎপাদিত পণ্যের দাম বৃদ্ধি এবং নিম্ন ভিত্তি প্রভাবের কারণে ভারতের পাইকারি মূল্য সূচক বা WPI ভিত্তিক মুদ্রাস্ফীতি ডিসেম্বরে বেড়ে ২.৩৭%- এ পৌঁছেছে। যা নভেম্বর,২০২৪- এ ১.৮৯% ছিল। যেখানে গত বছরের অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বরে WPI-ভিত্তিক মুদ্রাস্ফীতি ছিল ০.৮৬%। এছাড়া গত মাসে, ভারতীয় রিজার্ভ ব্যাংক টানা ১১তম বারের মতো তাদের মুদ্রানীতিতে বেঞ্চমার্ক সুদের হার বা রেপো রেট ৬.৫%- এ অপরিবর্তিত রেখেছে।
এদিকে খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি ডিসেম্বরে সামান্য কমে ৮.৪৭%- এ দাঁড়িয়েছে। যা নভেম্বরে ৮.৬৩% ছিল। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, খাদ্যশস্য (৬.৮২ শতাংশ), ধান (৬.৯৩ শতাংশ), গম (৭.৬৩ শতাংশ) এবং ডালের (৫.০২ শতাংশ) দাম হ্রাসের কারণে এটি ঘটেছে। অন্যদিকে আবার ডিসেম্বর মাসে শাকসবজি (২৮.৬৫ শতাংশ), আলু (৯৩.২ শতাংশ), ফল (১১.১৬ শতাংশ), দুধ (২.২৬ শতাংশ) এবং মাংসের (৫.৪৩ শতাংশ) দাম বেড়েছে।
ডিসেম্বর মাসে জ্বালানি ও বিদ্যুৎ বিভাগে মুদ্রাস্ফীতি অব্যাহত ছিল। ডিসেম্বর, ২০২৪- এ উৎপাদিত পণ্য বিভাগের মুদ্রাস্ফীতি বেড়ে ২.১৪%- এ দাঁড়িয়েছে। যা নভেম্বরে ছিল ২ শতাংশ। আর যার সূচকে ওজন ৬৪.২%। এদিকে, খাদ্য মূল্যস্ফীতি হ্রাসের ফলে, ভোক্তা মূল্য সূচক বা CPI (consumer price index)-এর উপর ভিত্তি করে দেশের খুচরা মুদ্রাস্ফীতির হার নভেম্বরের ৫.৪৮% থেকে কমে ডিসেম্বরে চার মাসের সর্বনিম্ন স্তর ৫.২২%- এ নেমে এসেছে।




