Article By – সুনন্দা সেন

জুন মাসে ভারতের খুচরা মূল্যস্ফীতি হয়তো ৭৭ মাসের সর্বনিম্ন ২.১%- এ নেমে এসেছে। কিন্তু অনেক গ্রাহকের কাছে এখনও মূল্য বৃদ্ধির চাপ বাস্তব। সম্প্রতি প্রকাশিত এক সংবাদ মাধ্যমের বিশ্লেষণে দেখা গেছে যে, ভোক্তা মূল্য সূচক বা CPI- এর ৪০% পণ্যের দাম মে মাসের তুলনায় মাসিক ভিত্তিতে জুন মাসে দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে এক-তৃতীয়াংশ পণ্যের দাম ১%- এর বেশি বৃদ্ধি পেয়েছে এবং প্রায় ১৭% পণ্যের দাম ধারাবাহিকভাবে ২%- এরও বেশি বৃদ্ধি পেয়েছে।
তালিকার শীর্ষে ছিল টমেটো, জুন মাসে দাম ৩৭.৮% বৃদ্ধি পেয়েছে, যা মে মাসে ১২.৭%- এর থেকে তীব্রভাবে বেড়েছে। এরপর নারকেল তেলের দাম ১১.৩% বৃদ্ধি পেয়েছে (মে মাসের ৬.৭%- এর বিপরীতে)। আলু (৫.১%) এবং পেঁয়াজ (২%) এর মতো অন্যান্য খাদ্যদ্রব্যের দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। খাদ্যের বাইরে পরিষেবা মূল্যস্ফীতি ২৩ মাসের সর্বোচ্চ ৪.১৩%- এ পৌঁছেছে, যা মে মাসে ৪.০১% ছিল। টিউশন ফি ১.২%, স্কুল পরিবহন চার্জ ১.৯% এবং রক্ষণাবেক্ষণ মেইনটেনেন্স চার্জ ১.৭% বেড়েছে। সোনা, রূপা এবং অলঙ্কারের দাম ২%- এর বেশি বেড়েছে। অন্যদিকে আবার সম্ভবত বর্ষা মৌসুমের কারণে, ছাতা/রেইনকোটের দাম ১.২% বেড়েছে।
তবে নির্দিষ্ট কিছু বিভাগে দাম বৃদ্ধি সত্ত্বেও অর্থনীতিবিদরা আশাবাদী রয়েছেন। বিশ্লেষণে দেখা যায় যে, ২০২৫ সালের জুন মাসে টমেটোর দাম ৩৭% বৃদ্ধি পেয়েছিল। যা ২০২৪ সালের জুন মাসে ৪৮%-এরও চেয়ে কম এবং দশকের গড় ৩৪%- এর চেয়ে সামান্য বেশি। বিশ্লেষকরা আশা করছেন যে জুলাই মাসে মুদ্রাস্ফীতি আরও কমবে এবং তারপর তা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। প্রথম ত্রৈমাসিকের অপ্রত্যাশিতভাবে মন্দার কারণে, পূর্বাভাসগুলি নিম্নমুখী করা হয়েছে। যে কারণে কেয়ারএজের প্রধান অর্থনীতিবিদ রজনী সিনহা এখন আশা করছেন যে ২০২৫-২৬ অর্থবছরে মুদ্রাস্ফীতি গড় ৩.৫%হবে, যা RBI-এর ৩.৭%- এর প্রবৃদ্ধির অনুমানের চেয়ে কম।




