আপনি যখন মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তখন কোন্ জিনিসটি প্রথমে দেখেন? মিউচ্যুয়াল ফান্ডের রিটার্ন, তাই তো? কিন্তু কীভাবে রিটার্ন ক্যালকুলেট হয় সেটা জানেন কি? দীর্ঘমেয়াদে ভালো পরিমাণ সম্পদ তৈরির জন্য মিউচ্যুয়াল ফান্ড দারুণ একটি ইনভেস্টমেন্ট অপশন। কিন্তু আপনি যে ফান্ডে বিনিয়োগ করেছেন সেটির পারফরমেন্স সবসময় বুঝে ওঠা কঠিন হতে পারে। মিউচ্যুয়াল ফান্ডের পারফরমেন্স বুঝতে দুটি মেট্রিক সাধারণত দেখা হয়।
- CAGR বা Compound Annual Growth Rate
- XIRR বা Extended Internal Rate of Return
Lump sum বিনিয়োগের রিটার্ন কেমন জানতে CAGR ব্যবহার করা হয়, যা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি আগের একটি ব্লগে। কিন্তু SIP investment-এ যেহেতু তারিখ আর cash flow-এর ভূমিকা আছে তাই SIP-র রিটার্ন কেমন জানতে XIRR বেশি কার্যকর। কারণ CAGR শুধুমাত্র প্রারম্ভিক মান অর্থাৎ initial value এবং সর্বশেষ মান অর্থাৎ final value বিবেচনা করে, মাঝে কোনো অর্থ বিনিয়োগ করলে সেটা CAGR ক্যালকুলেশনে বোঝা যায় না। সেই কারণে SIP-র জন্য XIRR ব্যবহার করা হয়। আজকের আলোচনায় আমরা জানব, XIRR কী, কীভাবে এটি গণনা করা হয় এবং এর গুরুত্ব কী।
XIRR কী?
যাঁরা মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তাঁরা দেখে থাকবেন প্রতিটি ফান্ডের ক্ষেত্রে রিটার্নের জায়গায় XIRR কথাটি উল্লেখ থাকে। XIRR রিটার্নের মানে কী? XIRR-এর পুরো কথা হল Extended Internal Rate of Return। এটি মূলত কোনো মিউচ্যুয়াল ফান্ডের বার্ষিক রিটার্ন দেখায়। তবে এখানে শুধুমাত্র প্রারম্ভিক বিনিয়োগকেই দেখা হয় না, পাশাপাশি মাঝে যতবার যে যে সময়ে বিনিয়োগ করা হবে, সেই অনুযায়ী রিটার্ন দেখাবে।
আমরা আগেই বলেছি যে, CAGR-এ শুধুমাত্র ইনিশিয়াল ভ্যালু ও ফাইনাল ভ্যালুর ওপর ভিত্তি করে রিটার্ন গণনা করা হয়, কিন্তু XIRR একটা সময় ধরে হতে থাকা সমস্ত inflow ও outflow নিয়ে ক্যালকুলেট করে। এমনকি সেই inflow ও outflow যদি অনিয়মিতও হয়, তবুও XIRR সমস্তটাই বিবেচনা করবে। সেইজন্য SIP-র রিটার্ন বুঝতে CAGR-এর তুলনায় XIRR বেশি কার্যকর কারণ SIP-তে আপনার সমস্ত ক্যাশ ফ্লো, তারিখ এমনকি কোনো টাকা withdrawal করা হলে সেটাও রিটার্নে দেখায় XIRR।
মিউচ্যুয়াল ফান্ডে XIRR-এর গুরুত্ব
- সঠিক মূল্যায়ন : XIRR যে-কোনো অনিয়মিত cash flow যেমন, যে-কোনো redemption, deposit, withdrawal সবই গণনার মধ্যে নেয় যাতে রিটার্ন ঠিক কতটা এল তা বোঝা যায়। এমনকি কোন্ তারিখে cash flowগুলো হয়েছে, সেটাও XIRR বিবেচনা করে।
- SIP-র জন্য উপযোগী : মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করার একটি সহজ উপায় হল SIP। আর SIP-তে যেহেতু প্রতি মাসে টাকা জমা পড়ে এবং তারিখও সব মাসে সমান থাকে না, তাই SIP return জানতে XIRR ব্যবহার করা হয়।
- রিডেম্পশনের প্রভাব দেখায় : যখন আপনি মিউচ্যুয়াল ফান্ড থেকে ইউনিট redeem করেন, তা সমগ্র রিটার্নে প্রভাব ফেলে। ফলে এই ধরনের withdrawal, রিটার্নে কতটা প্রভাব ফেলছে এবং আসলে রিটার্ন কেমন হচ্ছে সেটা XIRR দেখায়।
- অন্যান্য ফান্ডের রিটার্নের তুলনা : প্রতিটি ফান্ডেই XIRR উল্লেখ থাকে, ফলে SIP-র মাধ্যমে ফান্ড থেকে কেমন রিটার্ন আসছে সেটি আপনি একাধিক ফান্ডের মধ্যে তুলনা করে জানতে পারবেন এবং সেই অনুযায়ী ফান্ড নির্বাচন করার সুযোগ পাবেন।
XIRR কীভাবে ক্যালকুলেট করবেন?
Excel sheet ব্যবহার করে সহজেই XIRR ক্যালকুলেট করা যায়।
Excel-এ XIRR-এর ফরমুলাটি হল– =XIRR(values, dates)*100
এখানে,
Values হল নির্দিষ্ট তারিখে যে যে amount জমা পড়বে বা withdrawal হবে সেটি। এখানে মনে রাখতে হবে প্রতিবার টাকা জমা করলে যেহেতু আপনার থেকে ক্যাশ বেরিয়ে যাচ্ছে তাই ওই valueগুলো নেগেটিভ ভ্যালুতে লিখতে হবে, এবং উইথড্র করলে সেটি positive value-তে লিখতে হবে।
Dates হল যে যে তারিখে বিনিয়োগ হয়েছে। এবং ফরমুলায় সব শেষে আমরা ১০০ দিয়ে গুণ করব যাতে ভ্যালুটি percentage-এ আসে।
একটি উদাহরণ XIRR রিটার্ন বুঝব আমরা।
ধরুন, আপনি ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ২০০০ টাকা করে SIP শুরু করেছেন এবং এক বছর পর ১ জানুয়ারি ২০২২ সালে পুরো amount withdraw করেছেন যার সেইসময় ভ্যালু হয়েছে ২৭০০০ টাকা। Excel sheet-এ প্রতিটি জমা করা amount negative অর্থাৎ মাইনাসে লেখা হয়েছে এবং withdraw বা redemption প্লাসে লেখা হয়েছে। তাহলে XIRR হবে 23.82%, যেটা আপনারা এক্সেল শিটে দেখতে পাচ্ছেন।
এখানে 23.82%-এর অর্থ হল এই ইনভেস্টমেন্টটি বছরে গড়ে 23.82%-এ গ্রো করেছে। এবং এখানে কোন সময় আপনি টাকা জমা করেছেন, কখন withdraw করেছেন তার ভিত্তিতে এই রিটার্নটি দেখাচ্ছে।
সুতরাং যখন আপনি অনিয়মিত cash inflow বা outflow-এর হিসাব করবেন তখন অবশ্যই ফান্ডটির XIRR দেখুন। কারণ SIP-এর ক্ষেত্রে আমরা সব অর্থ একবারে জমা করি না, নির্দিষ্ট সময় পর পর টাকা জমা করা হয়, আর SIP-র মাধ্যমে ইনভেস্ট করলে ফান্ডটি অতীতে কেমন রিটার্ন দিয়েছে সেটি সঠিকভাবে XIRR আমাদের জানায়।





