মিউচ্যুয়াল ফান্ডের জগৎ যতটা বড় ততটাই আকর্ষণীয়। আমরা জানি বিভিন্ন মিউচ্যুয়াল ফান্ড হাউস ইক্যুইটি, ডেটের মতো একাধিক অ্যাসেটে বিনিয়োগ করে। সেইরকমই একটি অ্যাসেট যা মিউচ্যুয়াল ফান্ডের সামগ্রিক ফলাফলে প্রভাব পড়ে তবে এই আর্থিক সম্পদ খুব বেশি চর্চার মধ্যে থাকে না। এর নাম হল TREPS অর্থাৎ Treasury Bill Repurchase। এই আর্থিক সম্পদের কথা আগে শুনেছেন? না শুনে থাকলে এই আলোচনায় আপনারা এই সম্পদের বিষয়ে জানবেন, এর সুবিধা এবং ফান্ড হাউসগুলি এই সম্পদে কেন বিনিয়োগ করে সেই বিষয়েও ধারণা পাবেন।
Treasury Bill Repurchase কী?
TREPS-এর পুরো কথা হল Treasury Bill Repurchase। এটি জনপ্রিয় একটি money market instrument, যা ঋণদাতা এবং ঋণগ্রহীতা একটি চুক্তির মাধ্যমে স্বল্পমেয়াদে নিজেদের মধ্যে লেনদেন করে। এখানে মানি মার্কেট কী সেই বিষয়টি জানা প্রয়োজন। মানি মার্কেট হল এমন একটি জায়গা যেখানে এক বছরের কম মেয়াদের ঋণের লেনদেন হয়। সাধারণত সরকার ও কর্পোরেশন নিজেদের ক্যাশ ফ্লো সচল রাখতে এবং বিনিয়োগকারীরা মুনাফা পেতে এই মার্কেটে বিনিয়োগ করেন। Treasury Bill Repurchase-এর ক্ষেত্রে borrower অর্থাৎ ঋণগ্রহীতা সাধারণত মিউচ্যুয়াল ফান্ডের মতো কোনো বড় প্রাতিষ্ঠানিক সংস্থা হয়ে থাকে। TREPS-এ এক পক্ষই অন্য পক্ষকে ট্রেজারি বিল বিক্রির জন্য দায়বদ্ধ থাকে এবং সেই পক্ষই নির্ধারিত দামে পুনরায় বিলটি কিনে নিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়।
মিউচ্যুয়াল ফান্ড নিজেদের ট্রেজারি বিল ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানকে বিক্রি করে অর্থের বিনিময়ে। পরে, নির্দিষ্ট দিনে এবং নির্ধারিত দামে মিউচ্যুয়াল ফান্ড সেই ট্রেজারি বিল পুনরায় কিনে নেয়। এইভাবে বিক্রি করা এবং পরে পুনরায় কিনে নেওয়ার মাঝে দামের যে পার্থক্য তৈরি হয় সেটিই মিউচ্যুয়াল ফান্ডের জন্য ইন্টারেস্ট এবং এইভাবেই স্বল্পমেয়াদে লাভ করে মিউচ্যুয়াল ফান্ড।
কেন মিউচ্যুয়াল ফান্ড Treasury Bill Repurchase-এ বিনিয়োগ করে?
মিউচ্যুয়াল ফান্ডের Treasury bill repurchase-এ বিনিয়োগের অনেক কারণ আছে। যেমন,
- Liquidity : মিউচ্যুয়াল ফান্ডে নিয়মিত যে নগদের চাহিদা রয়েছে সেটি মেটায় TREPS, যাতে সিকিউরিটিগুলি সহজে নগদে পরিণত করে বিনিয়োগকারীদের রেডেমশনের অনুরোধ মেটানো যায়।
- নিশ্চয়তা : ট্রেজারি বিল, যেটি আসলে একটি সরকারি সম্পদ, সেখানে এই বিলের যেকোনো ধরনের লেনদেন যথেষ্ট নিরাপদ মনে করা হয়। ফলে মিউচ্যুয়াল ফান্ডের ঝুঁকি কমে।
- স্বল্পমেয়াদি আয় : TREPS-এ পড়ে থাকা নগদ বিনিয়োগ করে মিউচ্যুয়াল ফান্ড অতিরিক্ত আয় করে, যা সামগ্রিক পোর্টফোলিওর রিটার্ন বাড়ায়, তাও আবার অনেকটা ঝুঁকি কমিয়ে।
- পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন : মিউচ্যুয়াল ফান্ডের পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের সুযোগ দেয় TREPS। এতে ভোলাটিলিটি কমে।
- নিয়ামক নীতি : মিউচ্যুয়াল ফান্ডকে সঠিকভাবে পরিচালনার জন্য নিয়ন্ত্রক সংস্থার liquidity ratio-র নিয়ম মানতে হয়। ট্রেজারি বিল repurchase-এ বিনিয়োগ করে, যাতে যথেষ্ট নগদ অর্থ হাতে থাকে।
TREPS-এ বিনিয়োগের সুবিধা :
বিনিয়োগকারীদের জন্য এই বিনিয়োগ বেশ কয়েকটি সুবিধা নিয়ে আসে—
→ নিরাপদ বিনিয়োগ : ট্রেজারি বিল সরকার ইস্যু করে থাকে, ফলে এটি নিশ্চিত বিনিয়োগ হিসেবে পরিচিত। সেই কারণে বিনিয়োগকারীরা নিজেদের বিনিয়োগ সুরক্ষিত রাখতে এই বিকল্পটি নির্বাচন করেন।
→ নগদের সুবিধা : এই বিনিয়োগে লিক্যুইডিটির সুযোগ প্রচুর। ফলে বিনিয়োগকারীরা সহজে শেয়ার বাজারে কেনাবেচা করতে পারেন। সেই জন্য স্বল্পমেয়াদে বিনিয়োগের জন্য এই বিকল্পটি অনেক বিনিয়োগকারীর জন্য সুবিধাজনক।
→ ভালো রিটার্ন : বাজার পরিস্থিতির ওপর এই বিনিয়োগের রিটার্ন নির্ভর করছে, ফলে যদি অর্থনীতিতে সুদের হার বাড়ে তাহলে বেশি রিটার্নের সুযোগ থাকে।
→ ডাইভার্সিফিকেশন : মিউচ্যুয়াল ফান্ডে TREPS-এর বিনিয়োগের কারণে ইনভেস্টরদের পোর্টফোলিওতে নিশ্চিত বিনিয়োগের বিকল্প যোগ হয়, ফলে তাঁদের পোর্টফোলিও ডিভার্সিফাই হয়। সেই কারণে সামগ্রিক ঝুঁকি কমে।
লিক্যুইডিটি, নিশ্চয়তা ও ভালো রিটার্নের কারণে স্বল্পমেয়াদে মিউচ্যুয়াল ফান্ডের জন্য TREPS ভালো বিনিয়োগ বিকল্প হয়ে দাঁড়িয়েছে। এই বিনিয়োগের কারণে প্রাপ্ত রিটার্ন মিউচ্যুয়াল ফান্ডের NAV বা নেট অ্যাসেট ভ্যালু বৃদ্ধিতে অবদান রাখে।





