Article By – সুনন্দা সেন

২০২৬ সালের শুরু থেকেই বড় ধাক্কার মুখে পড়েছে ভারতের শেয়ার বাজার। চলতি বছরের এই পর্যন্ত দেশের শেয়ারবাজারের বাজারমূল্য বা মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় ৫৩৩ বিলিয়ন ডলার কমে গেছে। বাজার বিশ্লেষকদের মতে, এটি গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে বড় পতন। বাজারমূল্যের এই বড় পতনের প্রভাব পড়েছে দেশের প্রধান সূচক গুলিতেও। বিশেষ করে বেঞ্চমার্ক সূচক BSE (Bombay Stock Exchange) সেনসেক্স এবং NSE সূচক নিফটি৫০-এ সাম্প্রতিক সময়ে তীব্র ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। বেশ কয়েকটি বড় কোম্পানির শেয়ারের দাম কমে যাওয়ার সামগ্রিক বাজারমূল্য দ্রুত হ্রাস পেয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই পতনের পেছনে একাধিক কারণ রয়েছে। আর তার মধ্যে অন্যতম হল:
- প্রথমত, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বিভিন্ন অঞ্চলে বাড়তে থাকা ভূ-রাজনৈতিক উত্তেজনা বিনিয়োগকারীদের মনোভাবকে প্রভাবিত করেছে। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং জ্বালানির দামের অস্থিরতাও বিশ্ববাজারে উদ্বেগ বাড়িয়েছে।
- দ্বিতীয়ত, বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা FII-এর সাম্প্রতিক সময়ে ভারতীয় বাজারে থেকে বড় অঙ্কের অর্থ তুলে নিচ্ছেন। নিরাপদ বিনিয়োগের খোঁজে অনেক বিনিয়োগকারী মার্কিন ডলার এবং উন্নত দেশের বাজারে ঝুঁকছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এর ফলে ভারতীয় বাজারে বিক্রির চাপ বেড়েছে।
বেশকিছু বড় কোম্পানির শেয়ারের দাম কমে যাওয়াও বাজার মূল্যের পতনে বড় ভূমিকা রেখেছে। বাজারে অনিশ্চয়তা বাড়ায় অনেক বিনিয়োগকারী এখন অপেক্ষা ও পর্যবেক্ষণের কৌশল আয়ত্ব করছে। তবে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি সম্পূর্ণ নেতিবাচক নয়। তাদের মতে, স্বল্পমেয়াদে বাজারে অস্থিরতা থাকলেও ভারতের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ভিত্তি এখনও যথেষ্ট শক্তিশালী। দেশের অভ্যন্তরীণ চাহিদা, অবকাঠামোগত বিনিয়োগ এবং দ্রুত বাড়তে থাকা অর্থনীতি ভবিষ্যতে বাজারকে আবার স্থিতিশীল করতে পারে।




