Article By – সুনন্দা সেন

এই সপ্তাহে ভারতের শেয়ার বাজারে নতুন করে চাঞ্চল্য তৈরি করতে চলেছে চারটি প্রাথমিক পাবলিক অফার বা IPO। মোট মিলিয়ে এই সিজিনে প্রায় ২,০৮১ কোটি টাকার IPO দালাল স্ট্রিটে বিনিয়োগকারীদের সামনে হাজির হতে চলেছে। মূল বোর্ড ও SME-দুই সেগমেন্ট মিলিয়েই এই ইস্যুগুলি বাজারে আসছে। আর এই সপ্তাহের সবচেয়ে বড় IPO হচ্ছে Shadowfax Technologies। লজিস্টিক ও ডেলিভারি পরিষেবা প্রদানকারী এই সংস্থার IPO আকার প্রায় ১,৯০৭ কোটি টাকা। এর মধ্যে নতুন শেয়ার ইস্যুর পাশাপাশি বিদ্যমান বিনিয়োগকারীদের শেয়ার বিক্রিও রয়েছে। কোম্পানিটি ই-কমার্স ও কুইক-কমার্স সেক্টরের দ্রুত বৃদ্ধির সুযোগ কাজে লাগাতে এই ফান্ড ব্যবহার করতে চায় বলে জানা গেছে।
এর পাশাপাশি SME সেগমেন্টে আসছে আরও তিনটি IPO। আর সেগুলি হলো,
- Digilogic Systems, যার ইস্যু সাইজ প্রায় ৮১ কোটি টাকা। ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পরিষেবা খাতে কাজ করা এই সংস্থাটি সম্প্রসারণ ও কার্যকর মূলধনের জন্য তহবিল তুলতে চাইছে।
- আর একটি IPO হলো KRM Ayurveda, যার আকার প্রায় ৭৭.৫ কোটি টাকা। আয়ুর্বেদিক ও হার্বাল পণ্যের বাজারে ক্রমবর্ধমান চাহিদাকে সামনে রেখে এই সংস্থা বাজারে নামছে।
- এছাড়া Shayona Engineering নামের একটি ছোট ইঞ্জিনিয়ারিং কোম্পানিও প্রায় ১৫ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নিয়ে IPO আনছে।
বাজার বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরায় এবং বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় IPO বাজার আবার গতি পাচ্ছে। বিশেষ করে SME সেগমেন্টে খুচরো বিনিয়োগকারীদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে।




