Article By – সুনন্দা সেন

ভারতের ডেরিভেটিভ বাজারে নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI) আরও সতর্ক ব্যবস্থাপনা নিল। অপশনস মার্কেটে প্রবেশের ক্ষেত্রে NCDEX (ন্যাশনাল কমোডিটি অ্যান্ড ডেরিভেটিভস এক্সচেঞ্জ) এবং মেট্রোপলিটন স্টক এ্সচেঞ্জ বা MSE-এর আবেদন আপাতত স্থগিত রাখা হয়েছে। সেবির এই সিদ্ধান্ত বাজারে নিয়ন্ত্রণ জোরদার করার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, অপশনস ট্রেডিংয়ের দ্রুত বিস্তার এবং খুচরো বিনিয়োগকারীদের অংশগ্রহণ অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় সেবি নতুন এক্সচেঞ্জকে এই সেগমেন্টে ঢোকার অনুমতি দেওয়ার আগে আরও গভীরভাবে পরিস্থিতি খতিয়ে দেখতে চাইছে।
বিশেষ করে অপশনস ট্রেডিংয়ে ঝুঁকি, অতিরিক্ত লিভারেজ এবং সম্ভাব্য ক্ষতির বিষয়টি নিয়ে নিয়ন্ত্রকের উদ্বেগ বেড়েছে। NCDEX মূলত কমোডিটি ডেরিভেটিভসের জন্য পরিচিত, আর মেট্রোপলিটন স্টক এক্সচেঞ্জ ইক্যুইটি ও কারেন্সি সেগমেন্টে সক্রিয়। এই দুই এক্সচেঞ্জ অপশনস মার্কেটে প্রবেশের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করতে চাইলেও, সেবি মনে করছে বর্তমান বাজার পরিস্থিতিতে নতুন প্ল্যাটফর্ম যুক্ত হলে নজরদারি ও ঝুঁকি ব্যবস্থাপনা আরও জটিল হয়ে উঠতে পারে।
বাজার বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে অপশনস ট্রেডিংয়ে খুচরো বিনিয়োগকারীদের অংশগ্রহণ ব্যাপকভাবে বেড়েছে। অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত জ্ঞান ছাড়াই উচ্চ ঝুঁকির ট্রেড নেওয়া হচ্ছে, যার ফলে বড় ক্ষতির সম্ভাবনা তৈরি হচ্ছে। এই প্রেক্ষাপটেই সেবি ধীরে-সুস্থে এগোনোর নীতি নিয়েছে। তবে এই সিদ্ধান্তকে একেবারে নেতিবাচক হিসেবেও দেখছেন না অনেকে। তাঁদের মতে, নিয়ন্ত্রকের এই পদক্ষেপ দীর্ঘমেয়াদে বাজারের স্বচ্ছতা ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। একই সঙ্গে বিদ্যমান এক্সচেঞ্জগুলোর উপর নজরদারি আরও কড়া হওয়ার সম্ভাবনাও রয়েছে।




