Article By – সুনন্দা সেন

শেয়ারবাজারে ট্রেডিংয়ের শেষ মুহূর্তের দামের হিসাব এবং ডেরিভেটিভস বা ফিউচার ও অপশানের সেটেলমেন্ট প্রক্রিয়ায় বড় পরিবর্তনের প্রস্তাব দিল বাজার নিয়ন্ত্রক সেবি। সম্প্রতি চালু হওয়া CAS (Closing Auction Session) নিয়ে বাজারে যে সমস্যাগুলি দেখা দিয়েছে, সেগুলি সামলাতেই এই নতুন প্রস্তাব। সেবি এই ব্যবস্থা চালু করেছিল ক্লোজিং প্রাইস ডিসকভারি আরও স্বচ্ছ এবং বাজারের প্রকৃত দামের কাছাকাছি করার উদ্দেশ্যে। কিন্তু ৩ আগস্ট CAS চালু হওয়ার পর এক্সপায়ারি তারিখে ক্যাশ মার্কেট এবং ডেরিভেটিভস বাজারের দামের মধ্যে কিছু অস্বাভাবিকতা এবং অস্থিরতা দেখা দেয়।
সেবি ডেরিভেটিভসের এক্সপায়ারি ডে সেটেলমেন্ট প্রাইস (expiry-day settlement price) কীভাবে নির্ধারণ করা হবে, তা নতুন করে পর্যালোচনা করছে। প্রস্তাবে দুটি সম্ভাব্য পদ্ধতির কথা রয়েছে। প্রথম বিকল্পে রেগুলার ট্রেডিংয়ের শেষ ৩০ মিনিট এবং ১০ মিনিটের ক্লোজিং অ্যাকশন ট্রেডিং পর্যায়ে প্রাইস ডাটা মিলিয়ে সেটেলমেন্ট প্রাইস নির্ধারণের কথা বলা হয়েছে। দ্বিতীয় বিকল্পে শুধুমাত্র শেষ ৩০ মিনিটের ট্রেডিংয়ের ভিত্তিতে সেটেলমেন্ট প্রাইস নির্ধারণ করা হতে পারে। এই দ্বিতীয় ব্যবস্থায় CAS-কে আপাতত ডেরিভেটিভ সেটেলমেন্ট থেকে এক বছরের জন্য আলাদা রাখার প্রস্তাব রয়েছে।
সাধারণ দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের দৈনন্দিন শেয়ার লেনদেনের উপর এই পরিবর্তনের সরাসরি প্রভাব সীমিত হতে পারে। তবে যারা ফিউচারস ও অপশনে, বিশেষ করে মেয়াদ শেষের দিনে সক্রিয়ভাবে লেনদেন করেন, তাদের জন্য সেটেলমেন্ট মূল্য নির্ধারণের এই পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সেটেলমেন্ট মূল্যে সামান্য পরিবর্তন হলেও বড় অঙ্কের ফিউচারস ও অপশনসের অবস্থানের লাভ বা ক্ষতিতে তার উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। সেবি এখন এই প্রস্তাব নিয়ে বাজারের অংশগ্রহণকারীদের মতামত চাইছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত মতামত বা পরামর্শ জমা দেওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ, এই প্রস্তাবগুলি এখনও চূড়ান্ত নিয়ম নয়।




