Article By – সুনন্দা সেন

ভারতের কর্পোরেট দুনিয়ায় আজ এসেছে এক বড় মোড়। প্রায় ১৯ বছর পুরনো রিলায়েন্স পেট্রোলিয়াম (Reliance Petroleum) ডেরিভেটিভস মামলায় রিলায়েন্স ইন্ডাস্ট্রি (Reliance Industries)-কে বড় স্বস্তি দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট বাতিল করে দিল সেবি (SEBI)-র ৪৪৭ কোটি টাকার ডিসবার্সমেন্ট অর্ডার।
ঘটনার সূত্রপাত ২০০৭ সালে। তখন RPL(Reliance Petroleum Limited )-এর শেয়ার ও ফিউচার ট্রেডিং নিয়ে তদন্ত শুরু করে বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI। অভিযোগ ছিল, রিলায়েন্স ইন্ডাস্ট্রির কিছু সংস্থার মাধ্যমে ফিউচার মার্কেটে বড় শর্ট পজিশন তৈরি করেছিল এবং পরে ক্যাশ মার্কেটে শেয়ার বিক্রি করে বাজারে প্রভাব ফেলেছিল। SEBI-র দাবি ছিল, এই কৌশলের মাধ্যমে বাজারে “ম্যানিপুলেশন” করা হয় এবং অবৈধভাবে লাভ তোলা হয়। সেই কারণেই ২০১৭ সালে রিলায়েন্সকে ৪৪৭.২৭ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয় SEBI। পরে ২০২০ সালে সিকিউরিটিজ আপিল ট্রাইব্যুনাল বা SAT সেই সিদ্ধান্ত বহাল রাখে।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, Reliance-এর বিরুদ্ধে “fraud” বা প্রতারণার অভিযোগ যথেষ্টভাবে প্রমাণিত হয়নি। আদালতের মতে, শুধুমাত্র ট্রেডিং স্ট্র্যাটেজি দেখিয়ে বাজার কারসাজির অভিযোগ প্রতিষ্ঠা করা যায় না। তাই SEBI-র ডিসগর্জমেন্ট অর্ডার টেকেনি। আদালত আরও বলেছে, SAT এই মামলায় “গুরুতর ভুল” করেছিল ফ্রডের অভিযোগ বহাল রেখে। ফলে ৪৪৭ কোটি টাকা ফেরতের নির্দেশ বাতিল করা হয়েছে। একই সঙ্গে আগে জমা রাখা ২৫০ কোটি টাকা রিলায়েন্সকে ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট।
অবশ্য প্রতারণার অভিযোগ খারিজ হয়েছে, আদালত কিছু প্রযুক্তিগত নিয়মভঙ্গের বিষয় বহাল রেখেছে। বিশেষ করে ডেরিভেটিভস মার্কেটে পজিশন লিমিট (position limit) এবং ডিসক্লোজার নিয়ম (disclosure rules) ভাঙার অভিযোগ আদালত গ্রহণ করেছে। বিশেষজ্ঞদের মতে, এই রায় ভারতের ক্যাপিটাল মার্কেট নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ভবিষ্যতে বাজার কারসাজি বা fraud প্রমাণ করতে SEBI-কে আরও শক্ত ও স্পষ্ট প্রমাণ দেখাতে হতে পারে।
এছাড়া বড় কর্পোরেট সংস্থাগুলির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা মামলাগুলির ক্ষেত্রেও এই রায় নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে। আবার এই রায়ের পরে বিনিয়োগকারীদের মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি নিয়ে ইতিবাচক মনোভাব তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে বাজার নিয়ন্ত্রকদের ক্ষমতা ও প্রমাণের মানদণ্ড নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে। একদিকে রিলায়েন্স পেল বড় আইনি জয়, অন্যদিকে SEBI-র জন্য এটি বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।




