এবার বাধ্যতামূলক তালিকা থেকে অব্যাহতি চাইল দেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান টাটা গ্রুপের হোল্ডিং কোম্পানি টাটা সন্স। ইতিমধ্যেই টাটা সন্স একটি পুনর্গঠন পরিকল্পনা জমা দিয়েছে আরবিআইয়ের কাছে। কোম্পানির এই পরিকল্পনার সঙ্গে একমত কেন্দ্রীয় ব্যাঙ্ক। ইতিমধ্যেই এই পরিকল্পনার কিছু অংশ বাস্তবায়ন করেছে টাটা সন্স। এর মধ্যে কোম্পানির ঋণ দূরীকরণও অন্তর্ভুক্ত।
উঁচু স্তরের নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি (NBFC) হিসাবে আর শ্রেণীবদ্ধ করা হবে না টাটা সন্সকে। তবে সেক্ষেত্রে কিছু নিয়ন্ত্রক শর্ত পূরণ করতে হবে কোম্পানিকে। এর পর আর টাটা সন্সকে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করার প্রয়োজন হবে না। পরিকল্পনা অনুসারে, RBI নিয়ম অনুসারে শূন্য-ঋণ কোম্পানি হিসাবে টাটা সন্স তার ব্যালেন্স শীট পুনর্গঠন করেছে।
ক্রিসিল রেটিং-এর সর্বশেষ রিপোর্ট অনুসারে, 2023 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত টাটা কোম্পানির ঋণ ছিল 15,200 কোটি টাকা। তার মধ্যে 2,500 কোটি টাকারও বেশি স্বতন্ত্র নগদ এবং নগদ সমতুল্য অর্থ ছিল। 2021 সালের অক্টোবরে আরবিআই সার্কুলার জারি করে জানায়, নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি উঁচু স্তর হিসাবে শ্রেণীবদ্ধ সংস্থাগুলিকে তিন বছরের মধ্যে তালিকাভুক্ত করা বাধ্যতামূলক।
2022 সালে টাটা সন্সকে উঁচু স্তরের নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি হিসাবে শ্রেণীবদ্ধ করে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এবার আগামী সেপ্টেম্বর 2025 এর মধ্যে তালিকাভুক্ত করতে হবে নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানিগুলিকে। সূত্রের খবর, সমস্ত গোষ্ঠী সংস্থাগুলির মধ্যে টাটা সন্সকে ভবিষ্যতে নগদ মজুদ থেকে অর্থায়ন করা হবে। যদিও এই বিষয়ে কোনও প্রশ্নের উত্তর দেয়নি রিজার্ভ ব্যাঙ্ক এবং টাটা সন্স।
Article By – আস্তিক ঘোষ






