Article By – আস্তিক ঘোষ

আদানি গোষ্ঠীর ওপর ফের বোমা ফাটাল হিন্ডেনবার্গ রিসার্চ। ছয়টি সুইস ব্যাঙ্ক অ্যাকাউন্টে 310 মিলিয়ন ডলারের বেশি অর্থ জমা রাখা হয়েছে বলে অভিযোগ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। আমেরিকান কোম্পানি হিন্ডেনবার্গ দাবি করেছে, আদানির মানি লন্ডারিং এবং জালিয়াতির তদন্তের অংশ হিসাবে বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা 310 মিলিয়ন ডলারেরও বেশি (প্রায় 2600 কোটি টাকা) বাজেয়াপ্ত করেছে সুইস কর্তৃপক্ষ। 2021 সাল থেকে এই তদন্ত চলছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক পোস্টে তথ্য জানিয়েছে হিন্ডেনবার্গ গ্রুপ। সম্প্রতি প্রকাশিত সুইস ক্রিমিনাল কোর্টের রেকর্ডের বরাত দিয়ে আমেরিকান শর্ট-সেলার হিন্ডেনবার্গ গ্রুপ এই তথ্য দিয়েছে। শর্ট-সেলার হিন্ডেনবার্গ জানিয়েছে, 2021 সাল থেকে তদন্ত চলমান রয়েছে। ভারতীয় গ্রুপের সঙ্গে যুক্ত সন্দেহজনক আর্থিক লেনদেনের উপর আলোকপাত করেছে হিন্ডেনবার্গ।
সুইস মিডিয়ার প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে, হিন্ডেনবার্গ বলেছে, প্রসিকিউটররা বর্ণনা করেছেন যে কীভাবে আদানির একজন সহযোগী ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, মরিশাস এবং বারমুডার আর্থিক সংস্থায় সন্দেহজনক তহবিলে বিনিয়োগ করেছিলেন। এই তহবিলের বেশিরভাগ অর্থ আদানি শেয়ারে বিনিয়োগ করা হয়েছিল। সুইস ক্রিমিনাল কোর্টের নথি থেকে এ তথ্য পাওয়া গেছে।
আদানি-হিন্ডেনবার্গ বিবাদের অবসান ঘটতে না ঘটতে আগস্টে নতুন অভিযোগ এনে বিবাদের আগুনে যেন ঘৃতাহুতি দিয়েছে। 2023 সালের গোড়ার দিক আদানি গ্রুপকে ট্যাক্স হেভেনের মাধ্যমে বাজারের নিয়ম ভঙ্গ করার অভিযোগ এনেছিল শর্ট-সেলাররা। বাজার নিয়ন্ত্রক SEBI চেয়ারপারসন মাধবী পুরি বুচ এবং তার স্বামী ধবল বুচকে আদানি গ্রুপের সঙ্গে সম্পর্কযুক্ত অফশোর তহবিলে বিনিয়োগের জন্য অভিযুক্ত করেছে হিন্ডেনবার্গ রিসার্চ।




