Article By – সুনন্দা সেন

আমানত (ডিপোজিট) গ্রহণকারী বৃহত্তম নন-ব্যাংকিং আর্থিক সংস্থা (NBFC) বাজাজ ফাইন্যান্স, ২০২৫ সালের শুরু থেকে তৃতীয়বারের মতো ফিক্সড ডিপোজিটের হার কমিয়েছে। সম্প্রতি এটি FD হার ৬০ বেসিস পয়েন্ট কমিয়েছে এবং প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত সুবিধা ৫০ বেসিস পয়েন্ট থেকে কমিয়ে ৩৫ বেসিস পয়েন্ট করেছে। সাথে ১৮ মাস এবং ৩৩ মাসের ফিক্সড ডিপোজিটের বিশেষ মেয়াদ বাতিল করেছে। জেনে রাখা ভালো যে একটি বেসিস পয়েন্ট হল শতাংশ পয়েন্টের একশ ভাগের এক ভাগ।
মানি হানি ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক (managing director) এবং CEO অনুপ ভাইয়া বলেন, “ফিক্সড ডিপোজিট হার মুদ্রানীতি ঘোষণার সাথে সামঞ্জস্য রেখে কমছে, যেখানে RBI (রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া) রেপো কাট ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে।” যদিও বাজাজ ফাইন্যান্স প্রথম সুদের হার কমানোর ঘোষণা করেছে, অন্যান্য এনবিএফসিও আগামী দিনে সুদের হার কমাবে বলে আশা করা হচ্ছে।
সুদের হার কমানোর পর, বিনিয়োগকারীরা এখন ২৪-৬০ মাস মেয়াদী FD – এর উপর সাধারণ নাগরিক সর্বোচ্চ ৬.৯৫% সুদ পেতে পারেন। যেখানে প্রবীন গ্রাহকদের জন্য ব্যাংক অফার করবে ৭.৩৫%। আবার ১২-১৪ মাসের আমানতের জন্য সাধারণ নাগরিক ৬.৬০% এবং ১৫-২৩ মাসের আমানতের জন্য তারা ৬.৭৫% সুদ পান। আর তারা প্রবীণদের ওই দুই মেয়াদের FD- তে যথাক্রমে ৬.৯৫% এবং ৭.১০% সুদ অফার করছে বাজাজ ফাইন্যান্স। যা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI- এর তিন থেকে পাঁচ বছরের ফিক্সড ডিপোজিট সুদের হারের তুলনায় ৪০ বেসিস পয়েন্ট বেশি, যা ৬.৫৫% সুদ প্রদান করে।




