Article By – সুনন্দা সেন

বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি কোম্পানি মেটা প্ল্যাটফর্মস, যারা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটস অ্যাপ পরিচালনা করে, আবারও বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে চলেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে। জানা যাচ্ছে, আগামী মাসের মধ্যে প্রায় ৮,০০০ কর্মী চাকরি হারাতে পারেন। আর এই সিদ্ধান্ত কার্যকর হলে এটি হবে মেটার সাম্প্রতিক বছরের অন্যতম বড় রিস্ট্রাকচার। যা কোম্পানির মোট কর্মী সংখ্যার প্রায় ১০%-এর কাছাকাছি।
অবশ্য হঠাৎ বা আকস্মিক কোনো কারণে নয়, মেটা গত কয়েক বছর ধরেই খরচ কমানো এবং ব্যবসার কাঠামো পুনর্গঠনের দিকে জোর দিচ্ছে। কোম্পানির প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ ইতিমধ্যেই স্পষ্ট করেছেন যে ভবিষ্যতের মূল ফোকাস হবে AI প্রযুক্তি। সেই লক্ষ্যেই কোম্পানি অনেক বিভাগে কাজের ধরন বদলাচ্ছে এবং কিছু ক্ষেত্রে কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী, এই ছাঁটাইয়ের প্রথম ধাপ আগামী মে মাসের কাছাকাছি সময়ে শুরু হতে পারে। তবে বিষয়টি এখানেই শেষ নয়। অনুমান করা হচ্ছে আগামী মাসগুলোতে আরও কর্মী কমানো হতে পারে। কিছু বিশ্লেষকদের মতে, মোট ছাঁটাই সংখ্যা ১৬,০০০ পর্যন্ত পৌঁছাতে পারে,যদিও এটি এখনও চূড়ান্ত নয়।
মেটার এই সিদ্ধান্ত শুধু কোম্পানির অভ্যন্তরেই নয়, পুরো টেক ইন্ডাস্ট্রিতেও বড় প্রভাব ফেলছে। কারণ বিশ্বজুড়ে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন AI নির্ভর ব্যবসার দিকে ঝুকছে। এর ফলে অনেক ক্ষেত্রে মানুষের কাজের জায়গায় অটোমেশন বা মেশিন লার্নিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের ফলে একদিকে যেমন কোম্পানিগুলোর দক্ষতা বাড়বে, অন্যদিকে চাকরির বাজারে অনিশ্চয়তাও বাড়ছে। বিশেষ করে সফ্টওয়্যার ডেভেলপমেন্ট, কনটেন্ট মডারেশন এবং কিছু সাপোর্ট রোলে কর্মী হ্রাসের প্রবণতা দেখা যাচ্ছে।




