Article By – সুনন্দা সেন

২০২৩-২৪- এর অর্থনৈতিক সমীক্ষা অনুসারে ছয়টি রাজ্যে ভারতীয় ব্যাংকগুলির ক্রেডিট ডিপোজিট বা CD- এর অনুপাত (Ratio) ২০২৩-২৪ অর্থবছরের শেষ নাগাদ ১০০%- এর উপরে ছিল। CD রেসিও ব্যাংকের আমানতের মাধ্যমে সংগ্রহ করা তহবিলের অনুপাতকে প্রতিফলিত করে। যা ঋণ প্রদানের কাজে ব্যবহার করা হয়। আর উচ্চ CD রেসিও ব্যাংকগুলির জন্য তারল্য এবং ঋণের ঝুঁকির ইঙ্গিত দেয়। প্রকাশিত তথ্যানুযায়ী, দিল্লি এবং চন্ডীগড়ের ব্যাংকগুলির CD রেসিও ২০১৯ সাল থেকে স্থিরভাবে বৃদ্ধি পেয়েছে।
ছয়টি রাজ্যের তালিকায় নেই পশ্চিমবঙ্গের নাম। সেখানে রয়েছে দিল্লি, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, চন্ডীগড়, তামিলনাড়ু এবং তেলেঙ্গনা। এদের মধ্যে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং তেলেঙ্গনায়া ব্যাংকের CD রেসিও ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে ৯০% থেকে ১৫০%- এর মধ্যে ছিল। আবার ২০১৯ সালে দিল্লি এবং চন্ডীগড়ের CD রেসিও ৯১% এবং ৭৩% থেকে বেড়ে ২০২৪ সালে যথাক্রমে ১০৭% এবং ১১১% হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) কিছু ব্যাংকের উচ্চ CD রেসিও নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং ক্রমাগত ব্যাংকগুলিতে তা কমানো কথা বলছে।
২০২৩-২৪ সালের সমীক্ষার তথ্যটি আরও দেখাচ্ছে যে ২৭ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে গোয়া, মনিপুর, মেঘালয় সহ কিছু রাজ্যের ব্যাংকের CD রেসিও ৭৮%- এর থেকে কম। অরুনাচল প্রদেশ, মেঘালয় এবং ঝাড়খন্ডের মতো রাজ্যে গত পাঁচ বছরে CD রেসিও তীব্র হ্রাস পেয়েছে। রাজ্যগুলির ২০১৯ সালে ৪০%-৫০%- এর রেঞ্জ ২০২৪ সালে ২৭%-৩৫%- এ নেমে এসেছে। এছাড়া ভারতের ১১টি রাজ্যের ব্যাংকগুলির CD ৫০%- এর সমান বা তার কম পাওয়া গেছে। আর সেই রাজ্যগুলির মধ্যে রয়েছে বিহার, ওড়িশা, ঝাড়খন্ড, আন্দামান, নাগাল্যান্ড এবং মিজরামের নাম।
২০২৩-২৪ অর্থবছরের ২০২৪ সালের অংশে ব্যাংক ক্রেডিট ১৯.২% বেড়ে ১৬৯.১৪ লক্ষ কোটি টাকা হয়েছে। যা তার আগের বছরে ঠিক একই সময়ে ১৪২ লক্ষ কোটি টাকা ছিল। গত অর্থবছরের শেষ দিকে আমানত বা ডিপোজিট ১৩.৪% বেড়ে ২১২.৫৪ লক্ষ কোটি টাকা হয়েছে। অর্থনৈতিক সমীক্ষা ২০২৪- এ বলা হয়েছে, ব্যাংক ক্রেডিট প্রবৃদ্ধি ২০২৩-২৪ অর্থবছর জুড়ে গতিশীলতা বজায় রেখেছে।





