Article By – সুনন্দা সেন

ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় বড় পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে NPCI (National Payments Corporation of India)। সংস্থাটি এমন একটি ইউনিফায়েড বা ইন্টারঅপারেবল সাউন্ডবক্স প্ল্যাটফর্ম তৈরি করছে, যা সব ধরনের UPI পেমেন্ট অ্যাপের সঙ্গে কাজ করবে। অর্থাৎ ভবিষ্যতে দোকানদারদের আর আলাদা আলাদা PhonePe, Paytm বা GooglePay-এর জন্য পৃথক সাউন্ডবক্স রাখতে হবে না। বর্তমানে অনেক দোকানেই একাধিক QR কোড এবং আলাদা সাউন্ডবক্স ব্যবহার করা হয়। এর ফলে মাসে অতিরিক্ত খরচ হয়।
রিপোর্ট অনুযায়ী, প্রতিটি সাউন্ডবক্সের জন্য ব্যবসায়ীদের মাসে প্রায় ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত সাবস্ক্রিপশন ফি দিতে হয়। নতুন ব্যবস্থায় একটি মাত্র ডিভাইস থেকেই সব অ্যাপের পেমেন্ট কনফার্মেশন শোনা যাবে। NPCI-র এই উদ্যোগ ছোট ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তি হতে পারে। কারণ এতে খরচ কমবে, ডিভাইস ম্যানেজ করা সহজ হবে এবং পেমেন্ট গ্রহণের অভিজ্ঞতাও আরও স্মার্ট হবে। বিশেষজ্ঞদের মতে, এটি ভারতের UPI ইকোসিস্টেমকে আরও শক্তিশালী ও স্ট্যান্ডার্ডাইজড করবে।
তবে এর ফলে ফিনটেক কোম্পানিগুলির ব্যবসায়িক মডেলেও প্রভাব পড়তে পারে। এতদিন সাউন্ডবক্স ছিল গ্রাহক ধরে রাখার একটি বড় মাধ্যম এবং আয়ের উৎস। এখন যদি একটি সাধারণ প্ল্যাটফর্ম চালু হয়, তাহলে প্রতিযোগিতার ধরন বদলে যেতে পারে। NPCI-র তথ্য অনুযায়ী, মার্চ ২০২৬-এ শুধু মার্চেন্ট পেমেন্টেই প্রায় ১৪ বিলিয়ন UPI লেনদেন হয়েছে। ফলে এই নতুন ইউনিফায়েড সাউন্ডবক্স ব্যবস্থা চালু হলে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আরও বড় পরিবর্তন দেখা যেতে পারে।




