Article By – সুনন্দা সেন

ভারতের শেয়ার বাজারে আজ বড় ধাক্কা লক্ষ্য করা গেছে। দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক HDFC ব্যাংকের শেয়ার একদিনে প্রায় ৯% হ্রাস পেয়ে বাজারে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই তীব্র পতনের ফলে প্রায় ১ লক্ষ কোটি টাকার বাজারমূল্য একদিনেই হারিয়ে গেছে বলে অনুমান করা হচ্ছে। বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোভিড মহামারির সময়কার বড় ধ্বসের পর এই প্রথম এত বড় একদিনের পতন দেখা গেল। দিনের শুরু থেকেই HDFC ব্যাংকের শেয়ার তীব্র বিক্রির চাপ তৈরি হয় এবং তা দিনের এই পর্যন্ত অব্যাহত রয়েছে। যার কারণে বিনিয়োগকারীদের মনে উদ্বেগ ও অনিশ্চয়তাও বৃদ্ধি পাচ্ছে।
এই পতনের পেছনে মূল কারণ হিসেবে উঠে আসছে ব্যাংকের সাম্প্রতিক আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ। বিশেষ করে ব্যাংকের নেট ইন্টারেস্ট মার্জিন বা আয়ের হার নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া আমানত বৃদ্ধির গতি প্রত্যাশার তুলনায় ধীর হওয়াও বিনিয়োগকারীদের অবস্থায় প্রভাব ফেলেছে। এর পাশাপাশি বৃহত্তর বাজারেও কিছুটা অস্থিরতা ছিল, যা এই পতনকে আরও তীব্র করে তোলে। বড় এবং প্রভাবশালী শেয়ারগুলোর মধ্যে একটি হওয়ায় HDFC ব্যাংকের এই পতনের প্রভাব সামগ্রিক সূচকের ওপরও পড়েছে। ফলে ব্যাংকিং ও আর্থিক খাতের অন্যান্য শেয়ারেও চাপ লক্ষ্য করা গেছে।
বিশ্লেষকরা বলছেন, স্বল্পমেয়াদে এই ধরনের বড় পতন বিনিয়োগকারীদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করলেও, দীর্ঘমেয়াদে ব্যাংকের ভিত্তি বা ফান্ডামন্টাল শক্তি এখনও গুরুত্বপূর্ণ। তাই অনেকেই এই পতনকে সংশোধন বা ‘কারেকশন’ হিসেবেও দেখছেন। তবে এই সময় বিনিয়োগকারীদের নজর থাকবে আগামী দিনের ব্যাংক পারফর্ম্যান্স, আমানত বৃদ্ধির হার এবং মুনাফার প্রবণতার দিকে। একই সঙ্গে বাজারে আস্থা ফিরিয়ে আনতে HDFC ব্যাংক কী পদক্ষেপ নেয়, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর এই পতনের ঘটনা ভারতের শেয়ারবাজারে একটি বড় সতর্ক সংকেত হিসেবে উঠে আসছে।




