Article By – সুনন্দা সেন

ভারতের বৃহত্তম বেসরকারি খাতের ঋণদাতা HDFC ব্যাংক আজ (১৬ জুলাই), বুধবার জানিয়েছে যে তাদের বোর্ড ১৯ জুলাইয়ের আসন্ন সভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য বোনাস শেয়ার এবং একটি বিশেষ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বা ডিভিডেন্ড প্রদানের কথা বিবেচনা করবে। ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হওয়া প্রথম প্রান্তিকের জন্য অনিরীক্ষিত স্বতন্ত্র এবং সমন্বিত আর্থিক ফলাফল বিবেচনা এবং অনুমোদনের জন্য মূলত নির্ধারিত বোর্ড সভায় এখন এই মূল প্রস্তাবটিও আলোচনা করা হবে।
অবশ্য প্রস্তাবিত বোনাস শেয়ার ইস্যু প্রযোজ্য নিয়ম অনুসারে এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে সম্পন্ন হবে। বোনাস ইস্যু সম্পর্কে ব্যাংকের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয় আর কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে ট্রেন্ডলাইনের তথ্য অনুসারে, প্রস্তাবটি অনুমোদিত হলে এটি হবে HDFC ব্যাংকের প্রথম বোনাস ইস্যু। এদিকে বোনাস ইস্যু ছাড়াও, বোর্ড ২০২৫-২৬ অর্থবছরের জন্য ব্যাংকের ইক্যুইটি শেয়ারের উপর একটি বিশেষ অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণার বিষয়টিও বিবেচনা করবে।
জানেন কী! HDFC ব্যাংকের শেয়ারের এক বছরের বৃদ্ধি ২৩.০১%, যার মধ্যে গত বছরের একই সময় থেকে আজ পর্যন্ত (YTD) বৃদ্ধি লক্ষ্য করা গেছে ১১.৯৪%। গত ছয় মাসে শেয়ারটি ২১.৪৬% বৃদ্ধি পেয়েছে, গত তিন মাসে ৬.৯৯% এবং গত এক মাসে ৪.০৭% বৃদ্ধি পেয়েছে। এদিকে আরও জানা গেছে যে গত ১২ মাসে অর্থাৎ এক বছরে HDFC ব্যাংক প্রতি শেয়ারের জন্য ২২ টাকা ইক্যুইটি ডিভিডেন্ডের ঘোষণা করেছে। ট্রেন্ডলাইনের তথ্য অনুসারে, বর্তমান শেয়ার মূল্য ১,৯৯৫.৫০ টাকার উপর ভিত্তি করে ডিভিডেন্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১.১০%।




