আমরা প্রত্যেকেই চাই আমাদের আর্থিক পরিস্থিতি যেন চিন্তামুক্ত থাকে। তবে এর অর্থ এই নয় যে প্রত্যেককে সবসময় ঋণমুক্ত থাকতে হবে। আর্থিক বিশেষজ্ঞরা মনে করেন কখনও-সখনও প্রয়োজনে ঋণ নেওয়া যেতে পারে, যাতে বড় কোনো আর্থিক সাহায্যের ক্ষেত্রে ক্রেডিট স্কোর ঠিক থাকে। কিন্তু মনে রাখতে হবে যে, যেভাবে ভাবনা চিন্তা করে ঋণ নিতে হবে ঠিক সেইভাবেই সঠিক সময়ে ঋণ পরিশোধও করতে হবে, যাতে ক্রেডিট স্কোর ঠিক থাকে। আর তা না হলে debt trap আপনার সমস্ত সঞ্চয় ধীরে ধীরে নিঃশেষ করে দেবে।
আজকের আলোচনায় আমরা জানব, debt trap কী, কীভাবে একজন ব্যক্তি এই ট্র্যাপে পড়েন, এবং কীভাবে এই ট্র্যাপ থেকে বেরোনো সম্ভব।
Debt trap কী?
Debt trap হল এমন একটি পরিস্থিতি যেখানে কোনো ব্যক্তি নিজের পরিশোধ ক্ষমতার বেশি ঋণ গ্রহণ করে ফেলেন। ধীরে ধীরে এইসব ব্যক্তিরা ঋণে এতটাই জর্জরিত হয়ে যান যে ঋণ নাগালের বাইরে চলে যায় এবং তা পরিশোধ করে ওঠা দুষ্কর হয়ে ওঠে। এবং ঋণের একটি সাইকেল চলতেই থাকে, যার থেকে বেরোনো অসম্ভব হয়ে যায়।
তবে এই কথাও ঠিক যে সব ঋণ খারাপ ঋণ নয়, বা সব ঋণ ফাঁদ তৈরি করে না। একজন ঋণগ্রহীতাকে নিশ্চিত হতে হবে যে তিনি যেন নিজের ক্ষমতার বাইরে গিয়ে ঋণ না নেন। বরং একজন ঋণগ্রহীতার উচিত সম্পূর্ণ ঋণ সময়মতো পরিশোধ করা, যাতে ক্রেডিট স্কোরে তার প্রভাব না পড়ে। কারণ সেইরকম হলে ভবিষ্যতে ঋণ নেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেবে।
কীভাবে কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হন?
আগেই বলা হয়েছে যে পরিস্থিতিতে কোনো মানুষ নিজের ঋণ পরিশোধ ক্ষমতার থেকে বেশি ঋণ নিয়ে নেন তাকেই debt trap বলা হয়। এর ফলে ঋণের পরিমাণ বাড়তে থাকে, এবং পুরোনো ঋণ মেটাতে নতুন করে আবার ঋণ নিতে হয়। Debt trap-এ সুদের হার অনেক বেড়ে যায়, যার কারণে ঋণের দায় বাড়তে থাকে।
তবে কীভাবে বোঝা যাবে কোনো ব্যক্তি ঋণগ্রস্ত কিনা? তার জন্য কয়েকটি বিষয়ে নজর দিতে হবে। যেমন :
- কোনো ব্যক্তির EMI মাসিক আয়ের অর্ধেকের বেশি হলে
- আয়ের বেশিরভাগ অর্থই স্থায়ী কিছু খরচে ব্যয় হলে, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি
- কোনো ব্যক্তি নিজের ক্রেডিট কার্ড লিমিট যদি শেষ করে ফেললে
- একই সময়ে একাধিক ঋণ পরিশোধ করতে হলে
- দৈনন্দিন খরচ ও ঋণ মেটানোর পর সঞ্চয় বা বিনিয়োগের জন্য কোনো অর্থ বাকি না থাকলে
উপরোক্ত ঘটনাগুলি ঘটলে বুঝতে হবে একজন ব্যক্তি debt trap-এ জর্জরিত।
যে মুহূর্তে আপনি দেখবেন ক্রেডিট কার্ডের ন্যূনতম পেমেন্টও বাকি থেকে যাচ্ছে বা দেখা যাচ্ছে আপনি প্রতিদিনের খরচের জন্য ক্রেডিট কার্ডের ওপর নির্ভর হয়ে পড়ছেন তখনই বুঝতে হবে আপনি ঋণগ্রস্ত।
Debt trap থেকে বেরোবেন কীভাবে?
→ প্রথমেই প্রয়োজন একটি নিয়মমাফিক আর্থিক কৌশল। তার জন্য দেখতে হবে মোট ঋণের পরিমাণ কত। সেই অনুযায়ী একটি বাজেট তৈরি করতে হবে এবং যতটা সম্ভব খরচ কমাতে হবে।
→ যে ঋণের জন্য অতিরিক্ত সুদ দিতে হয়, সেইগুলি আগে পরিশোধের কথা ভাবুন।
→ সুযোগ পেলে ঋণের জন্য এক্সট্রা পেমেন্ট করুন। অর্থাৎ বোনাসের অতিরিক্ত অর্থ ঋণ পরিশোধের জন্য ব্যবহার করুন, এতে ঋণের বোঝা কমবে।
→ এছাড়াও debt consolidation একটি পদ্ধতি যার মাধ্যমে একটিমাত্র ঋণের সাহায্যে একাধিক ঋণ পরিশোধ করতে পারা যায়।
Debt consolidation-এর জন্য ব্যক্তিগত ঋণ নেওয়া যেতে পারে। একটি পার্সোনাল লোন বা ব্যক্তিগত ঋণের মাধ্যমে একাধিক ঋণ, ক্রেডিট কার্ড ঋণ পরিশোধ করা যেতে পারে। বাকি ঋণ শোধ করা হয় গেলে শুধুমাত্র পার্সোনাল লোন পরিশোধ করার দিকে মনঃসংযোগ করতে হবে। শুধু খেয়াল রাখতে হবে নতুন ঋণ নেওয়ার খরচ যেন বাদবাকি ঋণের তুলনায় বেশি না হয়।
ক্রেডিট কার্ডের তুলনায় ব্যক্তিগত ঋণের সুদ সাধারণত কম হয়। ফলে এই ঋণ ব্যবহার করে আউটস্ট্যান্ডিং লোনগুলি পরিশোধ করা যাবে সহজে।
এছাড়াও অন্য কী উপায়ে debt trap থেকে বেরিয়ে আসা যায়?
- বেশি সুদের ঋণ নেওয়া থেকে বিরত থাকুন।
- প্রতি মাসে নির্দিষ্ট বাজেট মেনে চলুন।
- এছাড়াও আউটস্ট্যান্ডিং ডেটগুলি মেটাতে আয় বাড়ানোর পরিকল্পনা করা যেতে পারে।
- উচ্চ সুদ যুক্ত ক্রেডিট কার্ডের আউটস্ট্যান্ডিং বিল দ্রুত শোধ করুন।





