Article By – সুনন্দা সেন

ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সম্প্রতি বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেন্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)-কে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, দেশের সমস্ত আর্থিক খাতে (ব্যাংকিং, শেয়ার বাজার, মিউচ্যুয়াল ফান্ড) একটি অভিন্ন ও সহজ KYC (Know Your Customer) ব্যবস্থা চালু করতে হবে। বর্তমানে গ্রাহকদের ব্যাংক, শেয়ার বাজার হোক বা মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে আলাদা আলাদা করে KYC প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়। এই পুনরাবৃত্তি শুধু সময়সাপেক্ষেই নয়, অনেক ক্ষেত্রে জটিলতাও তৈরি করে।
এই সমস্যার সমাধান করতেই অর্থমন্ত্রী জোর দিয়েছেন এমন একটি ব্যবস্থার ওপর, যেখানে একজন গ্রাহক একবার KYC সম্পন্ন করলেই সেটি সব আর্থিক পরিষেবায় ব্যবহার করা যাবে। এই প্রস্তাব কার্যকর হলে সাধারণ মানুষের জন্য ব্যাংকিং ও বিনিয়োগের পথ অনেকটাই সহজ হয়ে উঠবে। নতুন বিনিয়োগকারীরা বিশেষভাবে উপকৃত হবেন, কারণ তাদের আর বারবার নথিপত্র জমা দেওয়ার প্রয়োজন হবে না। একই সঙ্গে আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা ও নিরাপত্তাও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
অর্থমন্ত্রী মনে করেন, সেবি (SEBI) এই উদ্যোগ বাস্তবায়নের জন্য উপযুক্ত সংস্থা, কারণ তাদের ডিজিটাল অবকাঠামো শক্তিশালী এবং বড় পরিসরে বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তাই SEBI-কে এই প্রক্রিয়াকে মানসম্মত ও প্রযুক্তিনির্ভর করে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও, ক্রমবর্ধমান ডিজিটাল আর্থিক ব্যবস্থার প্রেক্ষিতে সাইবার নিরাপত্তা জোরদার করা এবং আন্তর্জাতিক স্তরে নিয়ন্ত্রকদের সঙ্গে সমন্বয় বাড়ানোর কথাও উল্লেখ করেছেন তিনি। খুচরো বা রিটেইল বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করাও এই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে তুলে ধরা হয়েছে।




