Article By – সুনন্দা সেন

IDFC ফার্স্ট ব্যাংক তাদের প্রিমিয়াম গ্রাহকদের জন্য একটি নতুন ও বিশেষ ক্রেডিট কার্ড চালু করেছে। এই কার্ডের নাম ‘গজ (Gaj) মেটাল ক্রেডিট কার্ড’। যা মূলত উচ্চ আয় ও উচ্চ সম্পদ সম্পন্ন গ্রাহক অর্থাৎ হাই নেট-ওয়ার্থ ইন্ডিভিজুয়ালস বা HNI-দের জন্য তৈরি করা হয়েছে। এটি একটি ইনভাইটেশন-অনলি কার্ড, অর্থাৎ সাধারণ গ্রাহকরা আবেদন করতে পারবেন না, শুধু ব্যাংকের নির্বাচিত প্রাইভেট ব্যাঙ্কিং গ্রাহকরাই এই কার্ড পাওয়ার সুযোগ পাবেন।
IDFC ফার্স্ট ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গজ’ কার্ডটি তাদের প্রিমিয়াম মেটাল কার্ড সিরিজের সর্বোচ্চ স্তর। এর আগে ব্যাংক ‘অশ্ব’ ও ‘ময়ূর’ নামে দুটি প্রিমিয়াম কার্ড চালু করেছিল। ‘গজ’ কার্ডটি সেই সিরিজের সবচেয়ে এক্সক্লুসিভ সংস্করণ, যা বিশেষভাবে বিলাসবহুল জীবনযাপন ও আন্তর্জাতিক ভ্রমণকারী গ্রাহকদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এই মেটাল ক্রেডিট কার্ডে রয়েছে একাধিক আকর্ষণীয় সুবিধা। এর মধ্যে অন্যতম হল ০% ফরেক্স মার্কআপ, অর্থাৎ বিদেশে খরচ করার সময় অতিরিক্ত মুদ্রা রূপান্তর চার্জ দিতে হবে না। ফলে যারা নিয়মিত বিদেশ ভ্রমণ করেন বা আন্তর্জাতিক লেনদেন করেন, তাদের জন্য এই কার্ড অত্যন্ত লাভজনক। এছাড়াও, ভ্রমণ সংক্রান্ত খরচে বড় অঙ্কের রিওয়ার্ড পয়েন্ট ও ভ্যালু-ব্যাক সুবিধা দেওয়া হচ্ছে। যা বিমানের টিকিট, হোটেল বুকিং ও অন্যান্য ট্রাভেল পরিষেবায় ব্যবহার করা যাবে।
কার্ডটির বার্ষিক ফি ও জয়েনিং ফি ধরা হয়েছে ১২,৫০০ টাকা প্লাস GST। তবে ব্যাংকের দাবি, কার্ডের সঙ্গে পাওয়া ট্রাভেল রিওয়ার্ড ও অন্যান্য সুবিধার মাধ্যমে এই ফি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব। এছাড়া, উন্নত ট্রাভেল ইন্স্যুরেন্স, বিমানবন্দরের লাউঞ্জ অ্যাক্সেস এবং ব্যক্তিগত কনসিয়ার্জ পরিষেবার মতো প্রিমিয়াম সুবিধাও এই কার্ডের অংশ। বিশেষজ্ঞদের মতে, ‘গজ’ মেটাল ক্রেডিট কার্ডের মাধ্যমে IDFC ফার্স্ট ব্যাংক দেশের প্রিমিয়াম ও এলিট গ্রাহকদের মধ্যে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইছে। ক্রমবর্ধমান উচ্চ আয়ের গ্রাহক ও বিলাসবহুল ব্যাঙ্কিং পরিষেবার চাহিদাকে মাথায় রেখেই এই নতুন কার্ড বাজারে আনা হয়েছে।




