Article By – সুনন্দা সেন

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫ সালের মে মাসে ভারতে তপশিলী বানিজ্যিক ব্যাংক বা SCB-গুলির ঋণবৃদ্ধি তীব্রভাবে হ্রাস পেয়ে ৯.৮% হয়েছে। এটি গত বছরের একই সময়ের রেকর্ড ১৯.৫% বৃদ্ধির বিপরীতে উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে। যা অর্থনীতির মূল ক্ষেত্রগুলিতে ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাপকভাবে হ্রাসের ইঙ্গিত দেয়। SBI উল্লেখ করেছে যে চলতি অর্থবছরের প্রথম দু-মাসে (এপ্রিল-মে) ব্যাংক ঋণ প্রকৃতপক্ষে ১৫,৬৭৬ কোটি টাকা হ্রাস পেয়েছে। এর ফরে ইয়ার-টু-ডেট (YTD) বৃদ্ধি ০.১% নেতিবাচক হয়েছে।
ব্যাংক আমানতের বৃদ্ধি অব্যাহত থাকলেও, গতি আগের বছরের তুলনায় ধীর ছিল। ২০২৫ সালের এপ্রিল-মে মাসে আমানত (ডিপোজিট) ৩.০৬ লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। যা গত বছরের একই সময়ে ৩.৩৯ লক্ষ কোটি টাকা ছিল। এটি দেখে বোঝা যায় যে ব্যাংকগুলির কার্যকলাপে সংযম রয়েছে। SBI রিপোর্টে ২০২৫ সালের এপ্রিল মাসে সকল প্রধান খাতে ঋণবৃদ্ধির মন্দার কথা উল্লেখ করা হয়েছে। যেমন ধরুণ কৃষি ও সংশ্লিষ্ট খাতে ঋণ বৃদ্ধির হার ৯.২% হয়েছে, যা এক বছর আগে ১৯.৮% ছিল। শিল্প খাতের ঋণ বৃদ্ধির হার ৬.৬%, যা আগের বছরের ৭.৪% বৃদ্ধি চেয়ে সামান্য কম। এপ্রিল মাসে পরিষেবা খাতে ঋণবৃদ্ধি সবচেয়ে কমে ১০.৫%-এ নেমে এসেছে। যা আগের বছরে ২২% ছিল।
SBI রিপোর্ট অনুসারে, পরিষেবা খাতের ঋণের বৃদ্ধিতে পতনের কারণ ছিল নন-ব্যাংকিং আর্থিক সংস্থাগুলিকে ঋণ প্রদানে উল্লেখযোগ্য মন্দা। যদিও বাণিজ্য এবং সফ্টওয়্যার পরিষেবার মতো উপ-ক্ষেত্রগুলি স্থিতিস্থাপকতা দেখিয়ে ছিল। এছাড়া ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে তীব্র পতনের লক্ষণ দেখা গেছে। এই ক্ষেত্রের প্রবৃদ্ধি গত বছরের ১৭% থেকে কমে ১৪.৫% হয়েছে। যার প্রধান কারণ হলো যানবাহন ঋণ (Vehicle Loans), ক্রেডিট কার্ড ঋণ এবং অন্যান্য ব্যক্তিগত ঋণের চাহিদা হ্রাস পেয়েছে।




