Article By – সুনন্দা সেন

কোটাক মাহিন্দ্রা ব্যাংক নির্দিষ্ট ব্যালেন্স স্ল্যাবের জন্য সঞ্চয় অ্যাকাউন্টের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট (bps) কমিয়েছে। ব্যাংকের নতুন হারগুলি ২৫ এপ্রিল, ২০২৫ অর্থাৎ আজ থেকে কার্যকর হয়েছে। ৫ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকার মধ্যে ব্যালেন্স থাকা অ্যাকাউন্টধারীরা এখন ৫% থেকে কমিয়ে ৪.৭৫% বার্ষিক সুদ পাবেন। ব্যাংকটি অ্যাকাউন্ট ব্যালেন্সের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন সুদের হার অফার করে চলেছে।
৫০,০০০ টাকা পর্যন্ত ব্যালেন্সের জন্য সুদের হার বার্ষিক ৩.৫০%-এ অপরিবর্তিত রয়েছে। ৫০ লক্ষ টাকার উপরে ব্যালেন্সের জন্য সুদের হার বার্ষিক ৫.৫০% বহাল থাকবে বলে জানিয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক। শুধু এই নয়, এই মাসের শুরুতে ব্যাংকটি তার স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট (FD)- এর সুদের হারও কমিয়েছিল। অন্যান্য ব্যাংকও একই রকম পদক্ষেপ নিয়েছে। জানা যাচ্ছে যে IDBI ব্যাংক এবং উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক সম্প্রতি নির্দিষ্ট মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুদের হার কমিয়েছে। একই সাথে সময়সীমা বাড়িয়েছে বা সংশ্লিষ্ট স্কিমগুলি পরিবর্তন করেছে।
IDBI ব্যাংক তাদের উৎসব স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিমের সুদের হার কমিয়েছে এবং বিনিয়োগের শেষ তারিখ ৩০ এপ্রিল থেকে ৩০ জুন, ২০২৫ পর্যন্ত বাড়িয়েছে। ব্যাংকটি তিনটি বিশেষ মেয়াদে সুদের হার সমন্বয় করেছে—৪৪৪ দিন, ৫৫৫ দিন এবং ৭০০ দিনের। অন্যদিকে, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক ৩ কোটি টাকার কম আমানতের জন্য নির্বাচিত মেয়াদের FD সুদের হার ২০ বেসিস পয়েন্ট (bps) পর্যন্ত কমিয়েছে। যা ২৪ এপ্রিল, ২০২৫ থেকে কার্যকর হয়েছে। ১২ মাস থেকে ১৮ মাসের কম সময়ের জন্য হার ৮.১০% থেকে সংশোধিত করে ৭.৯০% করেছে। ১৮ মাসের FD হার এখন ৮.০৫%। প্রবীণ নাগরিকরা সকল মেয়াদীতে অতিরিক্ত ০.৫০% সুদ পাচ্ছেন।




