Article By – সুনন্দা সেন

ভারতের বৃহত্তম সরকারি ব্যাংক SBI (State Bank of India) বিদেশী মুদ্রায় আমানত সংগ্রহে বড় সাফল্য পেল। ব্যাংকটি ইতিমধ্যেই ১.৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ফরেক্স ডিপোজিট সংগ্রহ করেছে। আর এই অর্থ এসেছে মূলত বিদেশে বসবাসকারী ভারতীয়দের কাছ থেকে, যারা বিশেষ করে FCNR (Foreign Currency Non-Resident) ডিপোজিট স্কিমে বিনিয়োগ করছেন। আর এই বিশেষ উদ্যোগটি শুরু করেছে রিজার্ভ ব্যাংক। যার লক্ষ্য ভারতের ব্যাংকিং ব্যবস্থায় আরও বেশি বৈদেশিক মুদ্রা আনা এবং দেশের ডলারের তারল্য বা লিক্যুইডিটি বাড়ানো।
এই প্রকল্পে RBI অন্যান্য ব্যাংকগুলিকে হেজিং খরচে সহায়তা প্রদান করছে। যার ফলে ব্যাংকগুলো প্রবাসী ভারতীয়দের তুলনামূলকভাবে আকর্ষনীয় সুদের হার কিছু ক্ষেত্রে প্রায় ৭.৫% পর্যন্ত দিতে পারছে। বিশেষজ্ঞদের মতে, উচ্চ সুদের হার এবং RBI-এর নীতিগত সহায়তার ফলে এই স্কিমে ব্যপক সাড়া মিলছে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী ভারতীয়রা নিরাপদ বিনিয়োগের পাশাপাশি ভালো রিটার্ণ পাওয়ার সুযোগ হিসেবে এই আমানত প্রকল্পকে বেছে নিচ্ছেন।
পাশাপাশি এই বিপুল পরিমাণ বৈদেশীক মুদ্রার আমানত ভারতের ব্যাংকিং ব্যবস্থায় ডলারের জোগান বাড়াবে। এর ফলে ব্যাংকগুলো বিদেশী মুদ্রায় ঋণ দেওয়ার সক্ষমতা বাড়তে পারে, আমদানি-রপ্তানি সংক্রান্ত অর্থায়ন সহজ হবে এবং বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে। সাথে বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে দেশের বৈদেশিক অর্থায়নের বিকল্প উৎসও আরও শক্তিশালী হবে। এছাড়া এটিকে ভারতের আর্থিক ব্যবস্থার জন্যও একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।




