Article By – সুনন্দা সেন

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) কিছু স্বল্পমেয়াদী ফিক্সড ডিপোজিটের (FD) উপর সুদের হার কমিয়েছে। সংশোধিত FD হার আজ থেকে, অর্থাৎ ১৫ জুলাই, ২০২৫ থেকে কার্যকর হবে। ৪৬ দিন থেকে ১ বছরের কম মেয়াদের FD সুদের হার ১৫ বেসিস পয়েন্ট (০.১৫%) কমানো হয়েছে। সংশোধনের পর, ব্যাংকটি সাধারণ নাগরিকদের জন্য ৩.০৫% থেকে ৬.৪৫% (অমৃত বৃষ্টির হার বাদে) FD সুদের হার অফার করছে। এই সুদের হার ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে FD মেয়াদের জন্য প্রযোজ্য। প্রবীণ নাগরিকদের জন্য, ব্যাংক একই মেয়াদের জন্য ৩.৫৫% থেকে ৭.০৫% (SBI উইকেয়ার সহ) FD সুদের হার অফার করছে।
মনে রাখবেন যে, অতি বয়স্ক নাগরিকরা বা সুপার সিনিয়র সিটিজেন (৮০ বছর এবং তার বেশি) প্রবীন নাগরিকদের জন্য প্রযোজ্য সুদের হারের উপর ১০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুবিধা পাওয়ার যোগ্য হবেন। তাদের SBI প্যাট্রনস স্কিমের অধীনে অতিরিক্ত ১০ bps সুদ দেওয়া হয়। তবে এই স্কিমটি রেকারিং ডিপোজিট স্কিম, গ্রিন রুপি টার্ম ডিপোজিট, ট্যাক্স সেভিংস স্কিম ২০০৬, MoDC, ক্যাপগেইন স্কিম এবং নন-কলেবল টার্ম ডিপোজিটের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
তবে চলুন দেখে নেওয়া যাক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের আজ (১৫ জুলাই) থেকে বিভিন্ন মেয়াদের FD- তে কত করে সুদের হার অফার করছে। –
| FD মেয়াদ | সাধারণ গ্রাহকদের জন্য | প্রবীণ গ্রাহকদের জন্য |
| ৭ থেকে ৪৫ দিন | ৩.০৫% | ৩.৫৫% |
| ৪৬ থেকে ১৭৯ দিন | ৪.৯০% | ৫.৪% |
| ১৮০ থেকে ২১০ দিন | ৫.৬৫% | ৬.১৫% |
| ২১১ দিন থেকে ১ বছরের কম সময় | ৫.৯০% | ৬.৪০% |
| ১ বছর থেকে ২ বছরের কম সময় | ৬.২৫% | ৬.৭৫% |
| ২ বছর থেকে ৩ বছরের কম সময় | ৬.৪৫% | ৬.৯৫% |
| ৩ বছর থেকে ৫ বছরের কম সময় | ৬.৩০% | ৬.৭০% |
| ৫ বছর থেকে ১০ বছর | ৬.০৫% | ৭.০৫% |
(উপরের তালিকায় যে সকল মেয়াদে সুদের হার সংশোধন হয়েছে কেবল সেগুলোই বোল্ড আকারে রয়েছে এবং একমাত্র ৫ থেকে ১০ বছরের মেয়াদের FD-তে কেবলমাত্র প্রবীন নাগরিকদের জন্য SBI সুদের হার বাড়িয়েছে।)




