Article By – সুনন্দা সেন

৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) অগ্নিবীরদের জন্য একটি বিশেষ ব্যক্তিগত ঋণ (পার্সোনাল লোন) প্রকল্প ঘোষণা করেছে। এই প্রকল্পটি SBI-তে স্যালারি (বেতন) অ্যাকাউন্ট থাকা অগ্নিবীরদের জন্য উপলব্ধ। যেখানে জামানত ছাড়াই ৪ লক্ষ টাকা পর্যন্ত লোনের সুবিধা থাকবে এবং ব্যাংক প্রক্রিয়াকরণ বা প্রসেসিং ফি সম্পূর্ণ মওকুফ করবে বলেও জানিয়েছে। আর পরিশোধের মেয়াদ অগ্নিপথ নিয়োগ কর্মসূচির সময়কালের সাথে একই থাকবে।
এছাড়াও ভারতীয় শীর্ষ সরকারি ব্যাংকটি ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত এই প্রকল্পের অধীনে সমস্ত প্রতিরক্ষা কর্মীদের (All defence persons) জন্য ১০.৫০% সুদের হারও অফার করছে। এই প্রথম নয়, ব্যাংকটি বহুবার একাধিক সেক্টরের জন্য নিত্য নতুন প্রকল্প নিয়ে আসে এবং সাধারণ মানুষ তার প্রতি বিশ্বাসও দেখায়। এই দেশের বৃহত্তম গভর্নমেন্ট ব্যাংক SBI- এর ২০২৫ সালের জুন পর্যন্ত আমানতের ভিত্তি ছিল ৫৪.৭৩ লক্ষ কোটি টাকার এবং অগ্রিম ছিল ৪২.৫৪ লক্ষ কোটি টাকার। ভারতে ব্যাংকটির ২২,৯৮০টি শাখা, ৬২,২০০টি ATMs/ADAMs এবং ৭৬,৮০০টিরও বেশি BC আউটলেট পরিচালনা করে।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মতে, এই উদ্যোগটি তার প্রতিরক্ষা বেতন প্যাকেজের উপর ভিত্তি করে তৈরি। যা জিরো-ব্যালেন্স অ্যাকাউন্ট, বিনামূল্যে আন্তর্জাতিক সোনার ডেবিট কার্ড, দেশব্যাপী SBI ATM-এ সীমাহীন বিনামূল্যে ATM মারফত আর্থিক লেনদেন, ডেবিট কার্ডের বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ মওকুফ, ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত দুর্ঘটনা বীমা (personal accident insurance), ১ কোটি টাকার বিমান দুর্ঘটনা বীমা এবং ৫০ লক্ষ টাকা পর্যন্ত স্থায়ী অক্ষমতা কোভারেজ (permanent disability coverage) মতো সুবিধা প্রদান করবে।




