Article By – সুনন্দা সেন

ডিজিটাল পেমেন্টকে আরও দ্রুত ও সহজ করতে জনপ্রিয় ফিনটেক প্ল্যাটফর্ম PhonePe নতুন একটি বায়োমেট্রিক পেমেন্ট ফিচার চালু করেছে। এই ফিচারের মাধ্যমে এখন ব্যবহারকারীরা ৫,০০০ টাকা পর্যন্ত UPI লেনদেন করতে পারবেন শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলকের মাধ্যমে, অর্থাৎ প্রতিবার UPI PIN টাইপ করার প্রয়োজন হবে না। সংস্থার মতে, এই নতুন সুবিধা মূলত ছোট অঙ্কের দৈনন্দিন পেমেন্ট—যেমন বাজার করা, খাবার কেনা বা বিল পরিশোধ ইত্যাদি আরও দ্রুত করার জন্য চালু করা হয়েছে।
বর্তমানে এই ফিচার ধাপে ধাপে রোল-আউট করা হচ্ছে এবং প্রথমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হচ্ছে। বায়োমেট্রিক পেমেন্ট চালু করতে হলে ব্যবহারকারীকে প্রথমে ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক সক্রিয় রাখতে হবে। এরপর PhonePe অ্যাপের প্রোফাইল সেটিংসে গিয়ে বায়োমেট্রিক পেমেন্ট অপশন অন করতে হবে এবং একবার UPI PIN দিয়ে ভেরিফাই করতে হবে। সেটআপ সম্পূর্ণ হলে পরবর্তী যোগ্য লেনদেনে সরাসরি বায়োমেট্রিক অথেন্টিকেশন ব্যবহার করা যাবে।
তবে ৫,০০০ টাকা বেশি লেনদেনের ক্ষেত্রে আগের মতোই UPI PIN বাধ্যতামূলক থাকবে। এছাড়া যদি কোনো কারণে বায়োমেট্রিক শনাক্তকরণ ব্যর্থ হয়, তখন ব্যবহারকারী PIN দিয়েও পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। বিশেষজ্ঞদের মতে, ভারতে দ্রুত বাড়তে থাকা ডিজিটাল পেমেন্ট বাজারে প্রতিযোগিতা বাড়ছে। এই পরিস্থিতিতে গ্রাহকের সুবিধা ও নিরাপত্তা বাড়াতে নতুন নতুন ফিচার আনা হচ্ছে। বায়োমেট্রিক অথেন্টিকেশন চালু হওয়ায় ব্যবহারকারীরা একদিকে যেমন দ্রুত পেমেন্ট করতে পারবেন, অন্যদিকে ফোনের সিকিউরিটি লেভেলও বজায় থাকবে।




