গৌতম আদানি, ভারত এবং এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী তিনি এবার ডিজিটাল পেমেন্ট সেক্টরে অংশ নিতে চলেছেন। দেশের বৃহত্তম ডিজিটাল পেমেন্ট সংস্থা Paytm -এর মূল সংস্থা One 97 Communications -এ অংশীদারিত্ব কেনার কথা ভাবছে Adani group৷ Paytm -র প্রতিষ্ঠাতা এবং সিইও বিজয় শেখর শর্মা মঙ্গলবার Gautam Adani-র সঙ্গে দেখাও করেন।
এই চুক্তির বিস্তারিত নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। যদি এই চুক্তিটি হয়, তবে এটি ফিনটেক সেক্টরে আদানি গ্রুপের প্রবেশকে চিহ্নিত করবে। যেখানে এটি Google Pay, Walmart -এর মালিকানাধীন PhonePe এবং মুকেশ আম্বানির কোম্পানি Jio Financial -এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। অম্বুজা সিমেন্টস এবং এনডিটিভির পরে এটি আদানির জন্য একটি বড় ডিল হতে চলেছে।
যদিও উভয় সংস্থা এই বিষয় কোনও অফিসিয়াল ঘোষণা করেনি। বিজয় শেখর শর্মার ওয়ান 97 কমিউনিকেশনে প্রায় 19 শতাংশ শেয়ার রয়েছে। Paytm -এ বিজয় শেখর শর্মার সরাসরি 9 শতাংশ শেয়ার রয়েছে। তিনি একটি বিদেশী সংস্থা, রেসিলিয়েন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের মাধ্যমে আরও 10 শতাংশ শেয়ারের মালিক।

বর্তমানে দাবি করা হচ্ছে যে আদানি এবং শর্মার মধ্যে বেশ কিছু সময় ধরে আলোচনা চলছে এবং মঙ্গলবার আহমেদাবাদের আদানি কর্পোরেট হাউসে অনুষ্ঠিত তাদের বৈঠকে চুক্তির রূপরেখা চূড়ান্ত করা হয়েছিল। আদানি পশ্চিম এশিয়ার কিছু সংস্থার সঙ্গেও আলোচনা করছে যাতে তাদের One 97 -এ বিনিয়োগকারী হিসাবে আনা যায়।
বিশেষঞ্জদের মতে Paytm যে আর্থিক চাপ এবং নিয়ন্ত্রক সংক্রান্ত সমস্যাগুলির সম্মুখীন হচ্ছে তা বিবেচনা করে, আদানি গ্রুপের সঙ্গে চুক্তি এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে সহায়তা করবে। এই চুক্তি আদানির জন্যও লাভজনক হবে।
সরকারি প্রকল্পের কোর্স
Article By – আস্তিক ঘোষ




