Article By – আস্তিক ঘোষ

বিশ্বের সেমিকন্ডাক্টর রেসে যোগ দিচ্ছেন ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানি। ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি কোম্পানি টাওয়ার সেমিকন্ডাক্টরের সঙ্গে একটি সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট তৈরি করার পরিকল্পনা করেছে আদানি গ্রুপ। সেমিকন্ডাক্টরগুলি বিশ্বব্যাপী একটি মূল ভূ-রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ায় ভারতের চিপমেকিং ক্ষমতাকে আরও জোরদার করতেই এই পদক্ষেপ। গত কয়েক বছরে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে একটি ক্রমবর্ধমান প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বিতার জেরে গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হয়েছে সেমিকন্ডাক্টরগুলি।
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানান, ইউনিটটির প্রথম পর্যায়ে 40,000 ওয়েফার এবং দ্বিতীয় পর্যায়ে 80,000 ওয়েফারের উৎপাদন ক্ষমতা থাকবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, প্ল্যান্টটি 5000 কর্মসংস্থান সৃষ্টি করবে। অবশ্য প্রকল্পের জন্য কোন সময়সীমা সম্পর্কিত কোনো তথ্য উল্লেখ করেননি তিনি। তবে সূত্রের খুব, প্ল্যান্টটি তিন থেকে পাঁচ বছরের মধ্যে নির্মিত হবে।
এই প্রজেক্টটি গ্রুপের ফ্ল্যাগশিপ এবং ইনকিউবেটর আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের অধীনে রয়েছে। অভ্যন্তরীণ সঞ্চয় এবং কিছু ঋণের মাধ্যমে বিনিয়োগের জন্য অর্থায়ন করবে আদানি গ্রুপ। আসন্ন সুবিধায় তৈরি চিপগুলি ড্রোন, গাড়ি, স্মার্টফোন এবং অন্যান্য গতিশীলতা সমাধানগুলিতে ব্যবহৃত হবে বলে জানা গেছে।
ভারতের নতুন সেমিকন্ডাক্টর শিল্পে টাটা গ্রুপকে অনুসরণ করে। তাইওয়ানের পাওয়ারচিপ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কর্পোরেশনের সঙ্গে তাদের গুজরাটের ধলেরায় 11 বিলিয়ন ডলার চিপ ফ্যাব্রিকেশন প্ল্যান্টের জন্য অংশীদারিত্ব করেছে টাটা গ্রুপ।





