গুগলের পর এবার অ্যাপল! হাজার কোটি টাকা জরিমানার মুখে পড়তে হতে পারে অ্যাপলকে। অ্যাপলের বিরুদ্ধে তদন্ত করছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। ভারতীয় বাজারে আধিপত্যের অপব্যবহার করছে আইফোন তৈরির বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থা অ্যাপল। শুধু তাই নয়, অ্যাপ ডেভেলপারস এবং কনজিউমারদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এই কোম্পানি। কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার (সিসিআই) তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। এই অভিযোগের ভিত্তিতে হাজার কোটি টাকা জরিমানা করার পাশাপাশি অ্যাপল কোম্পানির বিরুদ্ধে কঠোর আদেশ জারি করা হতে পারে।
2021 সালে শুরু হয় অ্যাপলের বিরুদ্ধে তদন্ত। বর্তমানে এই তদন্ত প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আপাতত মনে করা হচ্ছে, গুগল ইন্ডিয়ার ক্ষেত্রে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, অ্যাপলের বিরুদ্ধে ঠিক একই রকম কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। উল্লেখ্য, আধিপত্যের অপব্যবহারের অভিযোগ উঠেছিল গুগল ইন্ডিয়ার বিরুদ্ধেও।
সূত্রের খবর, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া-এর তদন্ত শাখার একটি সম্পূরক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে যে অ্যাপল ভারতে আইওএস-এর জন্য অ্যাপ স্টোরে তার বাজারের আধিপত্যের কারণে প্রতিযোগিতা আইনের ধারা 3(4) লঙ্ঘন করেছে। তদন্তে দেখা গেছে যে, অ্যাপ ডেভেলপারদের সঙ্গে প্রতিযোগিতা বিরোধী চুক্তি করেছে অ্যাপল। তাতেই প্রতিযোগিতার বাজারে বিরূপ প্রভাব ফেলেছে। তদন্ত করার পর অ্যাপলের ইন-অ্যাপ ক্রয় (আইএপি) ম্যান্ডেট নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে 150 পৃষ্ঠার বেশি দীর্ঘ প্রতিবেদনে।
তদন্তে দেখা গেছে ,কিছু অ্যাপ ডেভেলপারদের ডেটা থেকে অন্যায়ভাবে লাভ অ্যাপল কিছু অ্যাপ ডেভেলপারদের উপর ‘বৈষম্যমূলক’ কমিশন চার্জ করে। অনেক ডিজিটাল অ্যাপ থেকে সর্বোচ্চ 30 শতাংশ কমিশন নেয়। এদিকে অ্যাপল মিউজিক, অ্যাপল আর্কেড গেমসের মতো অ্যাপ থেকে কোনও কমিশন নেয় না অ্যাপল। এটা নিয়মের লঙ্ঘন বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
Article By – আস্তিক ঘোষ






