Article By – সুনন্দা সেন

মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) এবার পা রাখলো আইসক্রিম ব্যবসায়। সংস্থার FMCG শাখা রিলায়েন্স কনজিউমার প্রোডাক্ট (Reliance Consumer Products Limited) বা RCPL বাজারে আনল নতুন আইসক্রিম ব্র্যান্ড ‘বম্বে ক্রিমেরি (Bombay Creamery)’। কোম্পানির দাবি, বম্বে ক্রিমেরিকে ‘সহজলভ্য প্রিমিয়াম ডেয়ারি আইসক্রিম’ হিসেবে তৈরি করা হয়েছে। অর্থাৎ প্রিমিয়াম মানের আইসক্রিম, কিন্তু দাম রাখা হবে সাধারণ ভারতীয় ক্রেতাদের নাগালের মধ্যে। আসল ডেয়ারি উপকরণ ও রিয়েল ডেয়ারি ক্রিম ব্যবহারের উপর জোর দিচ্ছে সংস্থা।
নতুন ব্র্যান্ডের পোর্টফোলিওতে থাকছে কোন, কাপ, টাব, বার এবং স্টিক; আর দাম শুরু হচ্ছে মাত্র ১০ টাকা থেকে। প্রথম পর্যায়ে পশ্চিম ভারতে বাজারজাত করা হবে। এরপর ধাপে ধাপে দেশজুড়ে বম্বে ক্রিমারি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আর এই প্রবেশের মাধ্যমে রিলায়েন্সের FMCG ব্যবসার পরিধি আরও বাড়ল। এর আগে ক্যাম্পার মতো ব্র্যান্ডের মাধ্যমে পানীয় বাজারে নিজেদের অবস্থান শক্ত করেছে RCPL। এবার লক্ষ্য ভারতের দ্রুত বাড়তে থাকা আইসক্রিম বাজার। সংস্থার জাতীয় স্তরের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, রিটেল উপস্থিতি এবং বিপুল সংখ্যক আউটলেটকে এই নতুন ব্র্যান্ডের বড় শক্তি হিসেবে দেখা হচ্ছে।
রিলেন্সের বম্বে ক্রিমারি বাজারে আসায় সাধারণ মানুষের জন্য আইসক্রিমের ক্ষেত্রে আরও বেশি পছন্দ ও দামের প্রতিযোগিতা তৈরি হতে পারে। ১০ টাকা থেকে পণ্য শুরু হওয়ায় কম বাজেটের ক্রেতারাও নতুন ব্র্যান্ডটি কিনে দেখতে পারবেন। পাশাপাশি রিলায়েন্সের প্রবেশে বাজারে উপস্থিত অন্যান্য আমূল, কোয়ালিটি ওয়ালস, ভাদিলাল, মাদার ডেয়ারি (Amul, Kwality Wall’s, Vadilal, Mother Dairy)- এর মতো সংস্থাগুলিও দাম, গুণমান ও ফ্লেভারে প্রতিযোগিতা বাড়াতে পারে, যার ফলে ভবিষ্যতে ক্রেতারা ভালো মানের আইসক্রিম তুলনামূলক সাশ্রয়ী দামে পাওয়ার সুযোগ পেতে পারেন বলে বাজারের অনুমান।




