কম দামে বিশ্বমানের ল্যাপটপ এবার হাতের নাগালে। চেন্নাইয়ে একটি নতুন কারখানা খোলার জন্য প্রস্তুতি নিচ্ছে ইলেকট্রনিক্স কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি ডিক্সন টেকনোলজিস। ডিক্সন টেকনোলজিস দেশের শীর্ষ পাঁচটি নোটবুক ব্র্যান্ডের চারটির জন্য ল্যাপটপ তৈরি করবে এই কারখানায়। কোম্পানির এক শীর্ষ আধিকারিক জানান, আগামী 8 থেকে 10 মাসের মধ্যে চালু হয়ে যাবে চেন্নাইয়ের ল্যাপটপ কারখানাটি।
ডিক্সন টেকনোলজিসের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অতুল বি. লাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, “দেশে কাজ করা শীর্ষ পাঁচটি ব্র্যান্ডের মধ্যে শীর্ষ চারটির গ্রাহক রয়েছে আমাদের। এর জন্য চেন্নাইয়ে একটি নতুন সাইটের পরিকল্পনা করা হচ্ছে। স্থান চিহ্নিত করা হয়েছে এবং প্রয়োজনীয় সম্পদও সংগ্রহ করা হয়েছে।” তিনি আরও জানান, “আমাদের লক্ষ্য আগামী 8 থেকে 10 মাসের মধ্যে চেন্নাইয়ে এই সুবিধা চালু করা।”
বর্তমানে দেশের বৃহত্তম চুক্তি উৎপাদনকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম ডিক্সন৷ ইতিমধ্যেই এই কোম্পানি Acer-এর জন্য নোটবুক তৈরি করছে এবং Lenovo ল্যাপটপের জন্য NPI প্রক্রিয়া শুরু করেছে, যার ব্যাপক উৎপাদন শুরু হবে আগামী 2025 অর্থবর্ষে।
ডিক্সন টেকনোলজিসের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অতুল বি. লাল আরোও বলেন, “ভারতে আইটি পণ্যগুলির জন্য চাহিদার বাজার প্রায় 10 বিলিয়ন ডলার। গত জুন ত্রৈমাসিকে, 6,588 কোটি টাকা আয় করেছে ডিক্সন। বার্ষিক ভিত্তিতে 101 শতাংশ বৃদ্ধি পেয়েছে আয়। একই সাথে কোম্পানির নিট মুনাফা বার্ষিক 109 শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ত্রৈমাসিকে এটি দাঁড়িয়েছে 140 কোটি টাকায়, যার বেশিরভাগটাই এসেছে কোম্পানির মোবাইল এবং ইলেক্ট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস বিভাগ থেকে।”
Article By – আস্তিক ঘোষ






