Article By – সুনন্দা সেন

গ্লোবাল স্পোর্টস ব্র্যান্ড ডেকাথলন (Decathlon) আগামী পাঁচ বছরের জন্য ভারতে বড় বিনিয়োগের ঘোষণা করেছে। কোম্পানিটির দেশে বিনিয়োগের লক্ষ্য হল স্টোর নেটওয়ার্ক প্রসারিত করা, ডিজিটাল যোগাযোগ বাড়ানো এবং স্থানীয় উৎপাদক বৃদ্ধি করা। এছাড়া অন্যান্য গ্লোবাল কোম্পানির মতো ডেকাথলনের জন্য তার মূল বৃদ্ধির বাজার হিসাবে ভারতকে নির্বাচন করা হয়েছে। বিনিয়োগের মাধ্যমে দেশে গ্লোবাল স্পোর্টস কোম্পানির ১২৭ টি স্টোর থেকে বেড়ে ১৯০ টি হবে, পাশাপাশি পাইকারি বাজারে ডেকাথলনের বিস্তার সুদৃঢ় হবে।
ভারতীয় বাজারে উল্লেখযোগ্য ব্যবসায়িক বিস্তারের পাশাপাশি সংস্থাটি নিজের অর্থনৈতিক বৃদ্ধির দিকটিও প্রসারিত করার কথা ভেবেছে বলেই জানা যাচ্ছে। যে কারণে গ্লোবাল স্পোর্টস ব্র্যান্ড ১০০ মিলিয়ন ইউরো আগামী পাঁচ বছরের মধ্যে ভারতে বিনিয়োগ করবে। ডেকাথলনের গ্লোবাল চিফ রিটেইল অ্যান্ড কান্ট্রিস অফিসার স্টিভ ডাইকস বলেছেন, ভারত কোম্পানির বৈশ্বিক বাজারে নিজের বিস্তারের অন্যতম পছন্দের বাজারের মধ্যে অন্যতম। যেখানে চাহিদা এবং প্রতিভাবান কর্মচারী রয়েছে।
পাশাপাশি জানা যাচ্ছে কোম্পানির বিনিয়োগের কৌশলের মধ্যে রয়েছে রিটেল মার্কেটের সুবিধা বাড়ানো এবং স্থানীয় উৎপাদনের সাহায্যের সাথে ক্রিড়া জগতে পণ্য পরিসরের প্রায় ৮% উৎপাদন ভারতে সম্পন্ন করা। যার মধ্যে ক্রিকেট ব্যাট, আনুষাঙ্গিক এবং বেশিরভাগ হকি সরঞ্জাম রয়েছে। যার মাধ্যমে কোম্পানি ২০২৬ সালের মধ্যে ভারতীয় তৈরি পণ্যের শেয়ার ৮৫%- এ উন্নীত করা এবং ভারতকে প্রধান উৎপাদন কেন্দ্র হিসাবে দেখতে চাইছে।





