হলদিরাম ব্র্যান্ড মানেই জিভে জল আনা সব নানান ধরনের নোনতা মিষ্টি খাবার। স্বাধীনতার আগে থেকে এই ব্র্যান্ড হলদিরাম(Haldiram) ভারতীয়দের রসনা তৃপ্তির অন্যতম একটি ব্র্যান্ড। সনপাপড়ি থেকে শুরু করে শুকনো সিঙারা, ভুজিয়া, চানাচুর, বিস্কুট, কুকিজ মানেই হলদিরাম(Haldiram)। তবে সম্প্রতি শোনা গিয়েছে, জনপ্রিয়তম নোনতা এবং স্ন্যাকস প্রস্তুতকারক ‘হলদিরাম’ অধিগ্রহণ করতে চলেছে ব্ল্যাকস্টোন ইনকর্পোরেটেড(Blackstone Inc)।
ইতিমধ্যেই দুই পক্ষের মধ্যে শুরু হয়েছে কথাবার্তা। এবার এই জনপ্রিয় দেশীয় ব্র্যান্ডের মালিকানা নাকি চলে যেতে পারে বিদেশিদের হাতে।ব্ল্যাকস্টোন ইনকর্পোরেটেড(Blackstone Inc), প্রাইভেট ইক্যুইটির সবচেয়ে বড় নামগুলির মধ্যে একটি। ভারতের বৃহত্তম সুস্বাদু এবং স্ন্যাকস বিজনেস কিনে নেওয়ার জন্য ব্ল্যাকস্টোন 70,000 কোটি টাকা দিতেও প্রস্তুত হলদিরামের বর্তমান মালিকদের।
ব্ল্যাকস্টোনের পাশাপাশি, কনসোর্টিয়াম অংশীদার আবু ধাবি ইনভেস্টমেন্ট অথরিটি এবং সিঙ্গাপুরের জিআইসি হলদিরাম(Haldiram) স্ন্যাক্স ফুড প্রাইভেট লিমিটেড-এর অংশীদারিত্ব কায়েম করতে আগ্রহী। জানা গিয়েছে, হলদিরামের 74-76 শতাংশ শেয়ার যৌথভাবে ক্রয় করতে চায় ওই তিনটি সংস্থা। সূত্রের খবর হলদিরামের প্রোমোটার এবং ব্ল্যাকস্টোনের মধ্যে আলোচনা বেশ খানিকটা এগিয়েছে গত কয়েক সপ্তাহ ধরে।
যদি হলদিরাম বিদেশি কোম্পানির কাছে বিক্রি হয়ে যায়, তাহলে অবশ্যই নিঃসন্দেহে এখনও পর্যন্ত ভারতে সবচেয়ে বড় প্রাইভেট ইক্যুইটি ক্রয় হতে চলেছে এটি। যদিও হলদিরাম(Haldiram) কর্তৃপক্ষ এই বিষয়ে কিছু জানায়নি। মুখে কুলুপ এঁটেছেন সংস্থার সিইও, কেকে চৌতানি।
কিন্তু কেন বিক্রি হয়ে যেতে চলেছে হলদিরামের ব্যবসা? আসলে এই ব্যবসায়ী আগরওয়ালদের নতুন প্রজন্ম খুব একটা এগিয়ে নিয়ে যেতে আগ্রহী নয়। তার প্রমান, এই প্রথমবার সংস্থার সিইও পদে আগারওয়াল পরিবারের বাইরের কাউকে নিয়োগ করা হয়েছে। তিনি হলেন,কেকে চৌতানিকে।
Article By – আস্তিক ঘোষ






