এবার GST ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল ইনফোসিসের বিরুদ্ধে! দেশের দ্বিতীয় বৃহত্তম IT সংস্থা ইনফোসিস। প্রায় 32,403 কোটি টাকার GST ফাঁকির বিষয়ে এই সংস্থাকে ইতিমধ্যেই একটি নোটিশ পাঠানো হয়েছে। ইনফোসিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রায় 32,403 কোটি টাকার GST প্রদানের বিষয়ে তাদের সংস্থাকে নোটিশ দিয়েছে কর্ণাটক রাজ্য GST কর্তৃপক্ষ।
2017 সালের জুলাই মাস থেকে 2022 সালের মার্চ মাসের মধ্যে এই সমস্যা তৈরী হয়েছে। তবে জানা গিয়েছে, ইনফোসিস লিমিটেডের বিদেশী শাখা অফিসগুলির খরচের সঙ্গে সম্পর্কিত এই সমস্যা। নথি অনুযায়ী, পরিষেবা আমদানিতে IGST পরিশোধ না করার অভিযোগ রয়েছে ইনফোসিস কোম্পানির বিরুদ্ধে। ইতিমধ্যেই কর্ণাটক রাজ্য GST কর্তৃপক্ষের তরফে দেওয়া নোটিশের জবাব দিয়েছে সংস্থাটি।
ইনফোসিসের মতে, একই বিষয়ে GST ইন্টেলিজেন্সের ডিজির কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছে সংস্থাটি। সংস্থার পক্ষ থেকে উত্তর দেওয়ার পরিকল্পনা চলছে। নিয়ম অনুসারে, এই জাতীয় ব্যয়ের উপর GST প্রযোজ্য নয়। এছাড়াও, GST কাউন্সিলের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস বোর্ডের সাম্প্রতিক সার্কুলার অনুসারে, ভারতীয় সত্তাকে বিদেশী শাখার প্রদত্ত পরিষেবাগুলি GST-এর আওতায় আসে না। একথা জানানো হয়েছে ইনফোসিস এর পক্ষ থেকে।
ইনফোসিস জানিয়েছে, কেন্দ্র এবং রাজ্যের বিধিগুলি মেনে বকেয়া GST পরিশোধ করেছে তারা। তবে GST বিভাগের সঙ্গে ইনফোসিস কোম্পানির বিরোধ এই প্রথম নয়। এপ্রিল মাসে, ওড়িশা GST কর্তৃপক্ষ ভুলভাবে ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার জন্য এই কোম্পানিকে 1.46 লাখ টাকা জরিমানা করে। বুধবার, কোম্পানির শেয়ার 0.48 শতাংশ পতন হয়ে 1868.05 টাকায় এসে বন্ধ হয়েছে। TCS-র পরে দেশের দ্বিতীয় বৃহত্তম IT সংস্থা হল ইনফোসিস।
Article By – আস্তিক ঘোষ






