পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডকে 4 কোটি টাকার জরিমানা করল বম্বে হাইকোর্ট। 2023 সালের একটি অন্তর্বর্তী আদেশ অমান্য করার জন্য সোমবার বম্বে হাইকোর্ট পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের উপর এই জরিমানা আরোপ করেছে বলে খবর। মঙ্গলম অর্গানিকস লিমিটেডের দায়ের করা ‘ট্রেডমার্ক’ লঙ্ঘনের মামলায় পতঞ্জলির কর্পূর পণ্য বিক্রি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত।
পতঞ্জলি ‘ইচ্ছাকৃত’ ভাবে আদালতের আদেশ লঙ্ঘন করেছে বলে জানিয়েছে বিচারপতি আর আই ছাগলার সিঙ্গেল বেঞ্চ। বিচারপতি আর আই ছাগলার সিঙ্গেল বেঞ্চ আরও জানিয়েছে, পতঞ্জলি আদালতের আদেশ লঙ্ঘন করতে চেয়েছিল তাতে কোনও সন্দেহ নেই। এদিন মঙ্গলম অর্গানিকস লিমিটেডের করা আবেদনটি নিষ্পত্তি করে বেঞ্চ। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কর্পূর পণ্য বিক্রি করায় আদালত অবমাননার ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয় পতঞ্জলির বিরুদ্ধে।
পতঞ্জলি সংস্থাকে আগামী দুই সপ্তাহের মধ্যে 4 কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি ছাগলা। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে, আদালত বাবা রামদেবের পতঞ্জলি কোম্পানিকে 50 লাখ টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। কর্পূর পণ্যগুলির ‘কপিরাইট’ লঙ্ঘনের অভিযোগে পতঞ্জলির বিরুদ্ধে মামলা করেছিল মঙ্গলম অর্গানিকস। পতঞ্জলি অন্তর্বর্তী আদেশ লঙ্ঘন করে কর্পূর পণ্য বিক্রি করছে বলে আদালতে আবেদন দাখিল করে দাবি করে এই সংস্থা।
দেশের একটি সুপরিচিত কোম্পানি পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেড। এই সংস্থা মূলত আয়ুর্বেদিক পণ্য তৈরি ও বিক্রির জন্য বিখ্যাত। পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেড সংস্থা প্রতিষ্ঠা করেন যোগগুরু বাবা রামদেব এবং তাঁর সহযোগী আচার্য বালকৃষ্ণ। খুব অল্প সময়েই ভারতীয় বাজারে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করেছে বাবা রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদ।
Article By – আস্তিক ঘোষ






