সুপ্রিম কোর্টের নির্দেশে বন্ধ হয়ে গেল বাবা রামদেবের কোম্পানি পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের 14টি পণ্য। যোগগুরু রামদেবের Patanjali Ayurved-র ‘বিভ্রান্তিকর এবং মিথ্যা’ বিজ্ঞাপনের বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের। মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে সুপ্রিম কোর্টকে জানিয়ে দেওয়া হয়েছে যে, গত এপ্রিল মাসে উত্তরাখন্ড রাজ্য সরকার যে 14টি পণ্যের লাইসেন্স স্থগিত করেছিল, সেই পণ্যগুলি বিক্রয় বন্ধ করে দিয়েছে পতঞ্জলি।
Patanjali Ayurved
ইতিমধ্যেই এই সকল পণ্যগুলি ফেরত নিতে 5,606 ফ্র্যাঞ্চাইজি স্টোরকে নির্দেশ দিয়েছে এই সংস্থা। পাশাপাশি, ডিজিটাল সংবাদমাধ্যম, সমাজমাধ্যম-সহ অন্যান্য মাধ্যম থেকে এই 14টি পণ্যের বিজ্ঞাপন প্রত্যাহার করে নেওয়ার আবেদন জানিয়েছে পতঞ্জলি। Patanjali Ayurved লিমিটেডকে দুই সপ্তাহের মধ্যে হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ।
হলফনামায় কোম্পানিকে জানাতে হবে, বিজ্ঞাপন অপসারণের জন্য সোশ্যাল মিডিয়া মধ্যস্থতাকারীর কাছে করা অনুরোধ গৃহীত হয়েছে কি না এবং এই 14টি পণ্যের বিজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে কি না। পরবর্তী শুনানি আগামী 30 জুলাই। পতঞ্জলির বিরুদ্ধে কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির মানহানি করার অভিযোগ এনেছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ)। আইএমএ’র দায়ের করা মামলার আবেদনের শুনানি চলছে সুপ্রিম কোর্টে।
এই প্রসঙ্গে উত্তরাখণ্ড রাজ্য লাইসেন্সিং কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টকে জানায়, পতঞ্জলি আয়ুর্বেদ এবং দিব্যা ফার্মেসির 14টি পণ্যের উৎপাদনের লাইসেন্স অবিলম্বে স্থগিত করা হয়েছে। বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় যোগগুরু রামদেব, তাঁর সহযোগী বালকৃষ্ণ এবং Patanjali Ayurved-কে জারি করা অবমাননার নোটিশের উপর 14 মে আদেশ রিজার্ভে রাখে দেশের সর্বোচ্চ আদালত।
পতঞ্জলির বাতিল করা 14টি পণ্য হল: 1) সওয়াসারি গোল্ড, 2) সওয়াসারি প্রবাহী, 3) সওয়াসারি ভাতি, 4) সওয়াসারি আভালে 5) পতঞ্জলি দৃষ্টি আইড্রপ, 6) ব্রনকম, 7) মধুগ্রিট 8) মুক্তভাতী এক্সট্রা পাওয়ার, 9) লিপিডম, 10) বিপি গ্রিট, 11) লিভামৃত অ্যাডভান্স, 12) মধুনাশিনী ভাতী এক্সট্রা পাওয়ার, 13) আইগ্রিট গোল্ড, 14) লিভোগ্রিট
Article By – আস্তিক ঘোষ






