মঙ্গলবার 2024-25 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার শেয়ারবাজারে ব্যাপক ওঠানামা দেখা গিয়েছে। এক সময় বিএসই সেনসেক্স 1500 পয়েন্ট কমে গিয়েছিল। কিন্তু পরে অবশ্য 70 পয়েন্টের সামান্য পতনের সঙ্গে থেমে গিয়েছে। দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) শেয়ারেও পতন ঘটেছে। তবে আদানি গ্রুপের শেয়ার বেড়েছে উল্লেখযোগ্য হারে।
রিলায়েন্স শেয়ারের পতনের কারণে,এই কোম্পানির চেয়ারম্যান মুকেশ আম্বানির নেট মূল্য বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় 9,206 কোটি টাকা কমেছে বলে জানা গিয়েছে। আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) মোট মূল্য 112 বিলিয়ন ডলারে নেমে গিয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স। ভারত ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি আম্বানির মোট সম্পদ 16 বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে চলতি বছরে।
বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় তিনি 11 নম্বরে রয়েছেন। এদিকে, মঙ্গলবার আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির মোট সম্পদ 751 মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করেছিলেন, তখন আদানি গ্রুপের শেয়ার পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। বর্তমানে আদানির মোট সম্পত্তির পরিমাণ 102 বিলিয়ন ডলার। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় 14 নম্বরে রয়েছেন তিনি। এই বছর তার মোট সম্পদ 17.8 বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্কের সম্পদের পরিমাণ 3.67 বিলিয়ন ডলার কমে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে, জেফ বেজোসের মোট সম্পদ বেড়েছে 3.71 বিলিয়ন ডলার। এলন মাস্ক 262 বিলিয়ন ডলার সহ শীর্ষে অবস্থান করছেন এবং দ্বিতীয় স্থানে রয়েছেন বেজোস। বেজোসের সম্পত্তির পরিমাণ 209 বিলিয়ন ডলার।
তৃতীয় স্থানে রয়েছেন ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আরনাল্ট (196 বিলিয়ন ডলার), চতুর্থ স্থানে মার্ক জুকারবার্গ (174 বিলিয়ন ডলার), পঞ্চম স্থানে ল্যারি পেজ (162 বিলিয়ন ডলার), ষষ্ঠ স্থানে বিল গেটস (159 বিলিয়ন ডলার), সপ্তম স্থানে ল্যারি এলিসন (158 বিলিয়ন ডলার), অষ্টম স্থানে স্টিভ বলমার (158 বিলিয়ন ডলার), নবম স্থানে সের্গেই ব্রিন এবং দশম স্থানে রয়েছেন ওয়ারেন বুফে। বিশ্বের শীর্ষ দশজন ধনীর মধ্যে নয়জনই হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের।
Article By – আস্তিক ঘোষ






