Article By – সুনন্দা সেন

২০২৬ সালের শুরুটা ভারতের সবচেয়ে বড় কর্পোরেট সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জন্য একেবারেই স্বস্তির নয়। নতুন বছরের প্রথম কয়েকটি ট্রেডিং সেশনেই সংস্থাটির বাজারমূল্য প্রায় ১৫ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১.৩ ট্রিলিয়ন টাকা। শেয়ারের দামে টানা পতনের ফলে এই বড়সড় ক্ষতির মুখে পড়েছে মুকেশ আম্বানির নেতৃত্বাধীন এই কংগ্রোমারেট। শেয়ার বাজারের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রায় ৬%-এরও বেশি হ্রাস পেয়েছে। এর প্রভাব দেশের দুই প্রধান সূচক সেনসেক্স ও নিফটিতেও পড়েছে।
বিশ্লেষকদের মতে, এই পতনের পেছনে একাধিক কারণ রয়েছে। আর কারণ হলো-
- প্রথমত, রিলায়েন্সের রিটেইল ব্যবসা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ। সাম্প্রতিক সময়ে দেশে ও বিশ্বজুড়ে ভোক্তা খরচ (Consumer Spending)-এর গতি কিছুটা কমেছে। এর ফলে বড় রিটেইল সংস্থাগুলির ভবিষ্যৎ আয় বৃদ্ধির সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে। আর তার সরাসরি প্রভাব পড়েছে রিলায়েন্সের শেয়ারে।
- দ্বিতীয়ত, আন্তর্জাতিক স্তরে জ্বালানি ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি রিলায়েন্সের উপর বাড়তি চাপ তৈরি করেছে। বিশেষ করে রাশিয়ান তেল কেনা নিয়ে ভারতের অবস্থান এবং তা ঘিরে পশ্চিমী দেশগুলোর কড়া নজর বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়িয়েছে। যেহেতু রিলায়েন্সের তেল ও রিফাইনিং ব্যবসা সংস্থার আয়ের একটি বড় অংশ। তাই এই বিষয়টি বাজারে নেতিবাচক বার্তা দিয়েছে।
তবে সবটাই যে অনিশ্চিত, তা নয়। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, রিলায়েন্সের এনার্জি ও ডিজিটাল ব্যবসা এখনও শক্ত ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে। জিও প্ল্যাটফর্মস এবং নতুন শক্তি বা গ্রিন এনার্জি প্রকল্পগুলি ভবিষ্যতে সংস্থার বৃদ্ধিতে সহায়ক হতে পারে। বিনিয়োগকারীদের নজর এখন রিলায়েন্সের আগামী ত্রৈমাসিক আর্থিক ফলাফলের দিকে, যা শেয়ারের দিকনির্দেশ ঠিক করতে বড় ভূমিকা নেবে।




