Article By – সুনন্দা সেন

আমুল ব্র্যান্ডের অধীনস্থ দুগ্ধজাত বা ডেয়ারি প্রোডাক্ট বিক্রি করে GCMMF কলকাতায় একটি সমন্বিত প্ল্যান্ট স্থাপনের জন্য ৬০০ কোটি টাকা বিনিয়োগ করবে। যেখানে বিশ্বের বৃহত্তম দই (দাহি) উৎপাদন সুবিধাও থাকবে। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা এই বিষয়ে জানিয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি, ২০২৫) শেষ হওয়া দুই দিনের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা BGBS চলাকালীন গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড (GCMMF) এই বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
মেহতা বলেন, “আমরা পশ্চিমবঙ্গের কলকাতায় একটি সমন্বিত দুগ্ধ কারখানা স্থাপন করবো। নতুন এই কারখানায় বিশ্বের বৃহত্তম উৎপাদন সেক্টর থাকবে। যা ক্ষমতা হবে প্রত্যেকদিন ১০ লক্ষ কেজি দই উৎপাদন করা।” তিনি আরও বলেন যে এই দুগ্ধজাত পণ্যের কারখানায় মোট ৬০০ কোটি টাকা বিনিয়োগ হবে। PTI অনুসারে, বাংলার ১৪টি জেলায় আমুলের একটি শক্তিশালী দুগ্ধ সংগ্রহ নেটওয়ার্ক (Milk Procurement network) রয়েছে। আর তার সাথে ১২ লক্ষেরও বেশি মহিলা দুগ্ধ উৎপাদনকারী কর্মকান্ড এবং কর্মসংস্থানের সঙ্গে যুক্ত।
মেহতা বলেন, কলকাতা এবং তার আশেপাশের এলাকায় দইয়ের চাহিদা ব্যাপক। এক বিবৃতি অনুসারে, আনন্দের কাইরা জেলা সমবায় দুগ্ধ উৎপাদনকারী ইউনিয়ন লিমিটেড দুটি পর্যায়ে ৬০০ কোটি টাকা বিনিয়োগে কলকাতার কাছাকাছি হাওড়ার সাঁকরাইল ফুড পার্কে এই অত্যাধুনিক দুগ্ধ কারখানাটি স্থাপন করতে চলেছে। বাংলার ভোক্তাদের টক দই এবং মিষ্টি সইয়ের প্রতি প্রবল টান রয়েছে। তাই এই প্ল্যান্টটি বাজারে ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়তা করবে। আমুল বর্তমানে বাংলার বৃহত্তম দুধের ব্র্যান্ড, যারা প্রতিদিন ১০ লক্ষ লিটারেরও বেশি দুধ বিক্রি করে।




